অনলাইনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান কিউফুড ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২৫ মিনিটের মধ্যে খাবার সরবরাহ করছে। দেড় হাজারের বেশি রেস্তোরাঁর সঙ্গে চুক্তিবদ্ধ এই প্রতিষ্ঠান।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ১ জুলাই কার্যক্রম শুরুর পর থেকে কিউফুড ঢাকার উত্তরা, ধানমন্ডি, গুলশান, মিরপুর, বেইলি রোড, খিলগাঁও, মতিঝিল, ওয়ারি এবং ঢাকার বাইরে চট্টগ্রামে ২৫ মিনিটের মধ্যে খাবার সরবরাহ করছে।
গ্লোরিয়া জিনস, বিবিকিউ বাংলাদেশ, সিএফসি, অ্যাবসলিউট থাই, কাচ্চি ভাই, তারকা, ১৩৮ ইস্ট, বার্গার এক্সপ্রেস, চিলিস, খাজানা, বুমার্স, বারকোড, ট্রাভেল ইস্ট, অ্যারক্স, আমেরিকান বার্গার, গ্রেট কাবাব ফ্যাক্টরিসহ দেড় হাজারের বেশি রেস্তোরাঁ থেকে অনলাইনে খাবারের অর্ডার নেয় কিউ ফুড। সম্প্রতি টেস্টি ট্রিটের আড়াই শ–এর বেশি শাখা থেকে অনলাইনে খাবারের অর্ডার নেওয়ার জন্য চুক্তি করেছে কিউফুড।
ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সহযোগী প্রতিষ্ঠান কিউফুডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রিপন মিয়া বলেন, ‘অনলাইনে ফুড ডেলিভারি–সেবা চালু করার পর ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী বছরের মধ্যে খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও কক্সবাজারেও এই সেবা চালু হবে।’