ইলন মাস্ক
ইলন মাস্ক

ইলন মাস্কের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটের উন্নতির ফলে ভবিষ্যতে পণ্য উৎপাদন এতটাই বেড়ে যাবে যে অর্থের প্রচলিত গুরুত্ব হারিয়ে যেতে পারে বলে অদ্ভুত ভবিষ্যদ্বাণী করেছেন টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তাঁর মতে, ভবিষ্যতে মানুষের পরিশ্রম করার প্রয়োজনীয়তা কমে যাবে, কমবে উৎপাদন খরচও। আর তাই সুদূর ভবিষ্যতের কথা ভেবে অর্থ সঞ্চয় করা অর্থহীন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক ব্যবহারকারী লেখেন, ভবিষ্যতে ব্যাপক প্রাচুর্য তৈরি হবে—এমন প্রত্যাশা থেকেই তিনি নিজের কিছু প্রশ্নবিদ্ধ আর্থিক সিদ্ধান্তের পক্ষে যুক্তি খুঁজে নিচ্ছেন। তাঁর মতে, অতিরিক্ত বেপরোয়া হওয়া ঠিক নয়। তবে কয়েক বছর পর এসব সিদ্ধান্তের বেশির ভাগেরই হয়তো আর কোনো গুরুত্ব থাকবে না। সেই পোস্টের জবাবে ইলন মাস্ক লেখেন, সুপার ইন্টেলিজেন্ট অ্যাবানড্যান্স বা অতি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রাচুর্যের যুগে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করার কোনো মানে নেই।

ভবিষ্যতে অর্থের প্রয়োজনীয়তা কমে যাওয়ার কথা এবারই প্রথম বলেননি ইলন মাস্ক। চলতি বছরের শুরুর দিকে উদ্যোক্তা ও এক্সপ্রাইজ ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান পিটার ডায়ামান্ডিসের সঙ্গে এক সাক্ষাৎকারে একই ধরনের ভাবনার কথা জানিয়েছিলেন তিনি। সে সময় মাস্ক এমন এক পৃথিবীর কথা জানিয়েছিলেন, যেখানে মানুষের শ্রমের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাবে এবং প্রচলিত মুদ্রাব্যবস্থারও আর প্রয়োজন থাকবে না। মাস্কের ধারণা, এআই ও রোবট বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে। তাঁর মতে, এআই ও রোবট এত বিপুল পরিমাণ পণ্য উৎপাদন ও সেবা দিতে সক্ষম হবে যে মানুষের করার মতো কাজ খুব বেশি অবশিষ্ট থাকবে না।

মাস্কের তথ্য অনুযায়ী, রোবটের মাধ্যমে পণ্য ও সেবার উৎপাদন ব্যাপকভাবে বেড়ে গেলে বাজারে পণ্যের সরবরাহ অনেক বেশি হবে। রোবটের শ্রম সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন হওয়ার ফলে উৎপাদন খরচও উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ফলে পণ্য ও সেবার দাম ক্রমাগত কমে প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসতে পারে। শুধু তা–ই নয়, পণ্য উৎপাদনের জন্য মানুষের শ্রমের ওপর নির্ভর করতে হবে না। শ্রমের বিনিময়ে মজুরি দেওয়ার প্রয়োজনও কমে আসবে। এমন পরিস্থিতিতে বর্তমান অর্থব্যবস্থার প্রয়োজনীয়তাও একসময় ফুরিয়ে যেতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া