কাশেফের ভবিষ্যদ্বাণী

স্পেন ও পর্তুগাল জিতবে আজ

বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্বে কাশেফ নামের রোবটের ভবিষ্যদ্বাণী মেলার হার ছিল ৬৫। কিন্তু শেষ ষোলোর পর্বে এসে কাশেফ ১০০ শতাংশ সফল। খেলার আগে যে ভবিষ্যদ্বাণী করছে, সেটাই মিলে যাচ্ছে। গত তিন দিনের ছয় খেলায় বিজয়ী হিসেবে যে দলের নাম বলেছে কাশেফ, সে দলই জিতেছে। যদিও কাশেফের ভবিষ্যদ্বাণীকে গতকাল সোমবার বড় রকমের চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছিল জাপান। শেষমেশ টাইব্রেকারে জাপান হেরে যায় ক্রোয়েশিয়ার কাছে।

১৬ দলের এই দ্বিতীয় পর্বের শেষ দুই খেলা আজ। আজ যদি কাশেফের ভবিষ্যদ্বাণী মিলে যায়, তবে এই পর্বে কাশেফ পাবে ১০০-তে ১০০। আজ রাতের প্রথম ম্যাচে কাশেফের ‘গণনা’ স্পেনের দিকে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই রোবট সফটওয়্যার মনে করে, আজ ৬৯ শতাংশ সম্ভাবনা—স্পেন জিতবে। ৩১ শতাংশ সম্ভাবনা মরক্কোর। রাত ১টার ম্যাচে জিতবে পর্তুগাল। তবে সম্ভাবনার হার একটু কম। কাশেফ ৫৮ শতাংশ সম্ভাবনা দেখছে পর্তুগালের। অন্যদিকে, এই ম্যাচে সুইজারল্যান্ডের সম্ভাবনা ৪২ শতাংশ।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা কাশেফকে তৈরি করেছে। বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা, অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে সম্ভাব্য ফলাফল দিচ্ছে এই রোবট। এ জন্য প্রায় ২০০ ধরনের ১ লাখ তথ্যের একটি তথ্যভান্ডার তৈরি করেছে আল-জাজিরা। গুগল ক্লাউডে থাকা এসব তথ্য দ্রুত পর্যালোচনা করে প্রোগ্রামটি। প্রতিটি ম্যাচের পর কাশেফের প্রোগ্রামেও সেটির তথ্য-উপাত্তও যোগ হয়। প্রতিদিনই নতুন করে হিসাব-নিকাশ করে কাশেফ ভবিষ্যদ্বাণী করছে।