হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ ব্যবহার করা যাবে না অনেক স্মার্টফোনে, কেন

ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে নিয়মিত হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদানের পাশাপাশি অডিও–ভিডিও ফোনকল করেন অনেকে। আর তাই ব্যবহারকারীদের জন্য বিভিন্ন প্রযুক্তি–সুবিধা যুক্ত করে নিয়মিত হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে থাকে হোয়াটসঅ্যাপ। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পুরোনো বেশ কিছু সংস্করণ হোয়াটসঅ্যাপের হালনাগাদ প্রযুক্তি–সুবিধা সমর্থন করে না। আর তাই অ্যান্ড্রয়েড ৬ অপারেটিং সিস্টেমের আগের সব সংস্করণ থেকে নিজেদের প্রযুক্তিগত সমর্থন প্রত্যাহারের পরিকল্পনা করেছে হোয়াটসঅ্যাপ।

প্রযুক্তি ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, সিদ্ধান্তটি কার্যকর হলে অ্যান্ড্রয়েড ৬ অপারেটিং সিস্টেমের আগের কোনো সংস্করণে চলা স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের হালনাগাদ নিরাপত্তা ও প্রযুক্তি–সুবিধা পাওয়া যাবে না। ফলে নতুন প্রযুক্তি–সুবিধা ব্যবহার করতে না পারার পাশাপাশি সাইবার হামলাসহ তথ্য চুরির শঙ্কায় থাকবেন ব্যবহারকারীরা।

নতুন এ সিদ্ধান্তের আওতায় ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৬ অপারেটিং সিস্টেমের আগের সব সংস্করণে চলা স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের নতুন সুবিধা ব্যবহার করা যাবে না। এর ফলে যাঁরা পুরোনো মডেলের ফোন ব্যবহার করছেন, তাঁরা ভবিষ্যতে হোয়াটসঅ্যাপের কোনো প্রযুক্তিসেবা পাবেন না।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের হালনাগাদ প্রযুক্তি ব্যবহারের জন্য ফোনের যন্ত্রাংশ ও সফটওয়্যারের একটি ন্যূনতম মান নির্ধারণ করে দেওয়া হয়। আর তাই নতুন প্রযুক্তিগুলো পুরোনো অপারেটিং সিস্টেমে চলা ফোন সমর্থন করে না। ফোনের অপারেটিং সিস্টেম হালনাগাদ করে এ সমস্যার সমাধান করা গেলেও অনেক পুরোনো মডেলের ফোনে অপারেটিং সিস্টেম হালনাগাদ করা সম্ভব হয় না।

সূত্র: ইন্ডিয়া টুডে