
অনলাইনে বিনোদনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। ভিডিও দেখার পাশাপাশি ইউটিউবে ভিডিও প্রকাশ করে আয়ত্ত করছেন অনেকে। তবে ভবিষ্যতে ভিডিও দেখার পাশাপাশি স্বচ্ছন্দে অনলাইন কেনাকাটার সুযোগও মিলবে ইউটিউবে। এরই মধ্যে ‘নেক্সট ২০’ অনুষ্ঠানে অনলাইন কেনাকাটায় একাধিক সুবিধা চালুর পরিকল্পনা তুলে ধরেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। এসব সুবিধা চালু হলে নির্মাতাদের আয়ের সুযোগ বৃদ্ধির পাশাপাশি দর্শকদের জন্যও ভিন্ন অভিজ্ঞতা তৈরি হবে।
ইউটিউব জানিয়েছে, নতুন সুবিধাগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ট্যাগিং ব্যবস্থা অন্যতম। ভিডিওর ভিজ্যুয়াল, ভয়েসওভার ও নির্মাতার দেওয়া তথ্য বিশ্লেষণ করে এটি স্বয়ংক্রিয়ভাবে পণ্য শনাক্ত ও ট্যাগ করবে। আগামী এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নির্বাচিত কিছু নির্মাতার জন্য এ সুবিধা চালু করা হবে। এ ছাড়া শর্টস ভিডিওতে নির্মাতারা সরাসরি বিভিন্ন ব্র্যান্ডের ওয়েবসাইটের লিংক যুক্ত করতে পারবেন, যা দর্শকদের অনলাইন পণ্য কেনার সুযোগ করে দেবে। এ বছর পরীক্ষামূলকভাবে চালুর পর আগামী বছর থেকে এটি সবার জন্য উন্মুক্ত হবে।
ভবিষ্যতে ইউটিউবে দর্শকেরা নিজেদের পছন্দের নির্মাতা বা প্রতিষ্ঠানের কাছ থেকেও সরাসরি পণ্য কেনার সুযোগ পাবেন। এর মাধ্যমে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের পাশাপাশি ধীরে ধীরে অনলাইন কেনাকাটার মাধ্যমে রূপ নিতে যাচ্ছে ইউটিউব। এরই মধ্যে এ সুবিধার কার্যক্রম নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর পরীক্ষা করা হচ্ছে। তবে সাধারণ ব্যবহারকারীরা কবে থেকে এ সুবিধা পাবেন, তা এখনো নিশ্চিত নয়।
ইউটিউবের তথ্যমতে, আকারে বড় ভিডিওতে একই ব্র্যান্ডের বিজ্ঞাপন স্থায়ীভাবে দেখানো হবে না। এর পরিবর্তে বিজ্ঞাপন এমনভাবে যুক্ত করা হবে, যাতে পরবর্তী সময়ে সহজেই অন্য ব্র্যান্ডের বিজ্ঞাপন প্রদর্শন করা যায়। ফলে একই বিজ্ঞাপনের জায়গা একাধিকবার বিক্রি করা সম্ভব হবে। এই সুবিধা আগামী বছর পরীক্ষামূলকভাবে চালু করা হবে।
সূত্র: দ্য ভার্জ