
ওয়ার্ডপ্রেসের যাত্রা শুরু। ২০০৩ সালের এই দিনে ওয়েবসাইট তৈরির অন্যতম জনপ্রিয় মুক্ত কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) ওয়ার্ডপ্রেসের প্রাথমিক সংস্করণ প্রকাশিত হয়।
২৭ মে ২০০৩
ওয়ার্ডপ্রেসের যাত্রা শুরু
২০০৩ সালের এই দিনে ওয়েবসাইট তৈরির অন্যতম জনপ্রিয় মুক্ত কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) ওয়ার্ডপ্রেসের প্রাথমিক সংস্করণ প্রকাশিত হয়। পিএইচপি প্রোগ্রামিং ভাষায় তৈরি ওয়ার্ডপ্রেসের প্রাথমিক সংস্করণটি মূলত ব্লগ প্রকাশের টুল হিসেবে তৈরি করা করেছিল। উন্মুক্ত প্রোগ্রামিং সংকেতের (ওপেন সোর্স) সুবিধা থাকায় এটি বিনা মূল্যে নামিয়ে নিয়ে যে কেউ ব্যবহার করতে পারেন। ফলে এটি দিয়ে কোনো ধরনের প্রোগ্রামিং ভাষা কিংবা জ্ঞান ছাড়াই ওয়েবসাইট তৈরি করা যায়। তাই বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা হয়েছে।
২৭ মে ২০০১
ভাইরাস তৈরির জন্য দোষী সাব্যস্ত হন জ্যান ডে উইট
২০০১ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্বজুড়ে ই-মেইলের মাধ্যমে ছড়িয়ে পড়ে ‘অ্যানা কুর্নিকোভা’ ভাইরাস। রাশিয়ার টেনিস খেলোয়াড় অ্যানা কুর্নিকোভার নাম এবং ছবি ব্যবহার করে এ ভাইরাস তৈরি করেন নেদারল্যান্ডসের ২০ বছরের তরুণ জ্যান ডে উইট। তিনি ‘অনদ্যফ্লাই’ ছদ্মনামে বেশি পরিচিত ছিলেন। প্রথমে নিজের পরিচয় লুকিয়ে রাখতে সক্ষম হলেও একই বছরের ২৭ মে ভাইরাস তৈরির জন্য দোষী সাব্যস্ত হন তিনি।
২৭ মে ১৯৫৯
হুইলউইন্ড কম্পিউটারকে বিদায় জানায় এমআইটি
প্রায় এক দশক ব্যবহারের পর ১৯৫৯ সালের এই দিনে নিজেদের তৈরি হুইলউইন্ড কম্পিউটারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। কম্পিউটারটি ওই সময়ের অন্য কম্পিউটারগুলোর তুলনায় দ্রুত কাজ করতে পারত। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য তৈরি কম্পিউটারটি ডিজিটাল ইলেকট্রনিক কম্পিউটারগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি, কম্পিউটার হোপ ও উইকিপিডিয়া