বিস্ট গেমসে অংশ নেওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন মানসুরা নাজনীন, হামিম রহমান ও কাজী মোবারক হোসেন (বাঁ থেকে)
বিস্ট গেমসে অংশ নেওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন মানসুরা নাজনীন, হামিম রহমান ও কাজী মোবারক হোসেন (বাঁ থেকে)

ইউটিউবার মিস্টার বিস্টের বিস্ট গেমসে অংশ নেবেন এক বাংলাদেশি

জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট আয়োজিত মেগা রিয়েলিটি শো ‘বিস্ট গেমস’–এর সিজন ৩ পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন বিভিন্ন দেশের ব্যক্তিরা। বিস্ট গেমসে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী মোবারক হোসেন, হামিম রহমান ও মানসুরা নাজনীন। তবে বিস্ট গেমসের নিয়ম অনুযায়ী, বাংলাদেশ থেকে কেবল একজনই মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আর তাই অনলাইনে ভোটের মাধ্যমে বাংলাদেশ থেকে একজন প্রতিযোগী নির্বাচন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী কাজী মোবারক হোসেন জানিয়েছেন, বাংলাদেশ থেকে মোট তিনজনকে ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। তবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, চূড়ান্তভাবে কেবল একজনই মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আর এই নির্বাচন হবে সম্পূর্ণভাবে অনলাইন ভোটের ওপর ভিত্তি করে।

প্রাথমিকভাবে নির্বাচিত হামিম রহমান এরই মধ্যে ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জপদক অর্জন করেছেন। জনস হপকিনস ইউনিভার্সিটির গ্লোবাল হেলথ লিডার্স কনফারেন্স, মর্যাদাপূর্ণ নন–ট্রিভিয়াল রিসার্চ ফেলোশিপসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

বিভাগীয় পর্যায়ে ভলিবল খেলোয়াড় হামিম এক পোস্টে জানিয়েছেন, আন্তর্জাতিক অঙ্গনে নিজের পূর্বাভিজ্ঞতা এবং শারীরিক সক্ষমতাকে কাজে লাগিয়ে বিস্ট গেমসে জয় ছিনিয়ে আনতে চান তিনি। প্রাথমিকভাবে নির্বাচিত আরেক প্রতিযোগী রাজশাহীর মানসুরা নাজনীন কাতার বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করছেন।

প্রসঙ্গত, মার্কিন ইউটিউবার জেমস স্টিফেন জিমি ডোনাল্ডসনের ‘মি. বিস্ট’ চ্যানেলটি ইউটিউবের অন্যতম জনপ্রিয় চ্যানেল। নিয়মিত প্র্যাঙ্ক ও স্টান্ট ভিডিও প্রকাশ করায় বর্তমানে চ্যানেলটির গ্রাহকসংখ্যা ৪৮ কোটির বেশি। আর তাই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ইউটিউব থেকে শত শত কোটি টাকা আয় করেছেন ‘মি. বিস্ট’ নামে পরিচিত এই তরুণ। ইউটিউবে ভিডিও প্রকাশের পাশাপাশি ২০২৪ সালের ডিসেম্বর থেকে বিভিন্ন চ্যালেঞ্জ আর পুরস্কার নিয়ে রিয়েলিটি শো অনুষ্ঠান প্রচার করছেন তিনি। এরই মধ্যে অ্যামাজন প্রাইমে প্রচারিত রিয়েলিটি শো নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছে। রিয়েলিটি শো ৫০ লাখ ডলার নগদ পুরস্কারের জন্য একে অপরের সঙ্গে লড়াই করতে হয় প্রতিযোগীদের। রিয়েলিটি শোর এবারের পর্ব যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, সৌদি আরবসহ বিভিন্ন দেশে চিত্রায়িত হবে।