সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, গায়ক পল ক্যার্টনি, জাস্টিন বিবার, লেডি গাগা, অভিনয়শিল্পী অ্যাঞ্জেলিনা জোলিসহ অনেকের সম্পর্কেই বলা হয়, তাঁরা বিখ্যাত হয়েছেন, কারণ তাঁরা সবাই বাঁহাতি মানুষ। বাঁহাতি বলেই তাঁরা বিশেষ মেধার মানুষ বলে তাঁদের ভক্তরা বিশ্বাস করেন। বিশ্বের জনসংখ্যার ১০ শতাংশ মানুষই বাঁহাতি, যাঁরা নিজেদের গুরুত্বপূর্ণ সব কাজ বাঁ হাত দিয়ে করেন। দেশ–বিদেশে বহুলপ্রচলিত একটি ধারণা হচ্ছে, বাঁহাতিরা বেশি মেধাবী বা জিনগত বিশেষ সুবিধা পেয়ে থাকেন। বলা হয়, বাঁহাতিরা ভার্চ্যুয়াল ও বাস্তব গেমও ভালোভাবে খেলতে পারেন। শুধু তাই নয়, বাঁহাতি খেলোয়াড়েরা দ্রুত ও সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারায় বিশেষ সুবিধা পান বলে মনে করা হয়। তবে নতুন এক গবেষণা বলছে, যাঁরা বাঁহাতি তাঁদের আসলে এমন কোনো বিশেষ গুণ বা বিশেষ দক্ষতা নেই। দক্ষতা ও মানসিক ক্ষমতার ওপর হাতের প্রভাব নির্ধারণের জন্য এ গবেষণা করেন যুক্তরাজ্যের ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের করা এ গবেষণায় অংশগ্রহণকারীদের সংখ্যা এবং সাংস্কৃতিক ভিন্নতাও ছিল বড় আকারের।
গবেষণায় ৪১টি দেশের ৪ লাখ ২২ হাজার ৭৭২ জন অংশ নেন। অংশগ্রহণকারীদের স্নায়ুবিক বৈশিষ্ট্য জানার জন্য মানসিক রোগ ডিমেনশিয়া শনাক্তে ব্যবহৃত মোবাইল গেম ‘সি হিরো কোয়েস্ট’ ব্যবহার করেন গবেষকেরা। গবেষণার অংশগ্রহণকারীদের গেম খেলার ধরন ও সাফল্য পর্যালোচনা করে দেখা গেছে, বাঁ বা ডান হাত ব্যবহারের সঙ্গে মানসিক সক্ষমতার বিশেষ কোনো সংযোগ নেই। বাঁ হাতের ব্যবহার নিয়ে গবেষণাটি ‘প্রসিডিংস অফ দ্য রয়্যাল সোসাইটি বি: বায়োলজিক্যাল সায়েন্স’–এ প্রকাশিত হয়েছে।
কোন কারণে মানুষ বাঁহাতি হন, তা নিয়ে এখনো বিজ্ঞানীদের স্পষ্ট কোনো ধারণা নেই। আর তাই দীর্ঘদিন ধরেই এ বিষয়ে গবেষণার জন্য কার্যকর উপায় আবিষ্কার করা সম্ভব হয়নি। নতুন এ গবেষণার বিষয়ে ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক ফার্নান্দেজ-ভেলাসকো বলেন, ‘বিভিন্ন দেশের মানুষের হাতের ব্যবহারবিষয়ক বিভিন্ন তথ্য পর্যালোচনা করতে সক্ষম হয়েছি আমরা। অংশগ্রহণকারীদের মধ্যে ৯.৯৪ শতাংশই ছিলেন বাঁহাতি। আগের গবেষণায় জানা যায়, নারীদের চেয়ে পুরুষেরা বেশি বাঁহাতি হয়ে থাকেন। আমাদের গবেষণায় দেখা গেছে, বাঁহাতিরা ডানহাতি খেলোয়াড়দের চেয়ে বেশি ভালো বা বেশি খারাপ খেলেন না। সবাই যার যার মতো কৌশল ঠিক করে গেম খেলেন। গবেষণায় পাওয়া তথ্য থেকে আমরা নিশ্চিত যে বয়স, লিঙ্গ ও শিক্ষার মতো বিষয় হাতের ব্যবহারকে প্রভাবিত করে না। আমরা আরও তথ্য খুঁজে বের করছি।’
সূত্র: সাই ডট নিউজ