
অষ্টম শ্রেণিতে পড়ার সময় অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের তৈরি করা একটি বিজ্ঞান প্রকল্প নিলামে ৩৪ হাজার ৩৭৫ ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৪২ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাব করে)। ১৯৬৮ সালে তৈরি প্রকল্পটি ছিল সিলিকন-নিয়ন্ত্রিত রেকটিফায়ার নিয়ে। হাতে তৈরি এই প্রকল্পের সঙ্গে ছিল দুটি প্রদর্শনী সার্কিট ও ১০ পৃষ্ঠার একটি প্রতিবেদন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিলাম প্রতিষ্ঠান আরআর অকশনের আয়োজিত নিলামে প্রকল্পটি বিক্রি হয়।
‘স্টিভ জবস অ্যান্ড দ্য কম্পিউটার রেভোল্যুশন: দ্য অ্যাপল ৫০তম অ্যানিভার্সারি অকশন পার্ট টু’ শীর্ষক নিলামের অংশ ছিল প্রকল্পটি। নিলাম শুরুর কয়েক দিন পরও এর দাম ৩ হাজার ডলারের নিচে ছিল। শেষ পর্যন্ত দর বাড়তে বাড়তে তা ৩৪ হাজার ৩৭৫ ডলারে পৌঁছায়। আরআর অকশনের তথ্য অনুযায়ী, স্টিভ জবসের পরিবার দীর্ঘদিন প্রকল্পটি সংরক্ষণ করে রেখেছিল। পরে এটি কয়েক দশক ধরে অ্যাপলের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা ‘অ্যাপল গ্যারেজ’ হিসেবে পরিচিত বাড়িতে ছিল।
জবসের সৎভাই জন চোভানেক জানিয়েছেন, প্রকল্পটি জবসকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও তিনি তা নিতে রাজি হননি। একপর্যায়ে চোভানেককে প্রকল্পটি নিজের কাছে রাখার অনুমতি দেন জবস। এই নিলামে অ্যাপল ও প্রযুক্তির ইতিহাসের সঙ্গে সম্পর্কিত প্রায় ১৫০টি দুর্লভ সামগ্রী বিক্রির জন্য তোলা হয়। এর মধ্যে ছিল স্টিভ জবসের স্বাক্ষর করা একটি ব্যবসায়িক কার্ড, তার ব্যক্তিগত সংগ্রহে থাকা ইলেকট্রনিক যন্ত্রাংশ এবং ১৯৮৩ সালে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে লেখা একটি চিঠি। এসব সামগ্রী যথাক্রমে ১ লাখ ৫৬ হাজার ৬৫৮, ২৭ হাজার ১৮৮ ও ২৪ হাজার ৬৯৫ ডলারে বিক্রি হয়েছে।
তবে নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছে একটি সচল অ্যাপল-১ কম্পিউটারের। অ্যাপলের দ্বিতীয় দফায় তৈরি ৫০টি কম্পিউটারের একটি এটি। কম্পিউটারটি বিক্রি হয়েছে ৪ লাখ ৯৯ হাজার ৩৬৩ ডলারে।
সূত্র: নাইনটুফাইভম্যাক ডটকম