পৃথিবী
পৃথিবী

পৃথিবীর ভরকেন্দ্র বদলে যাচ্ছে, যেসব প্রভাব পড়তে পারে

পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদানগুলোর গতিপ্রকৃতি আমাদের গ্রহের ভারসাম্য বজায় রাখে। তবে পানি, বরফ ও বায়ুর ওজনের তারতম্যের কারণে পৃথিবীর ভরকেন্দ্র ধীরে ধীরে বদলে যাচ্ছে। ভূতাত্ত্বিক এই পরিবর্তন আধুনিক স্যাটেলাইট পজিশনিং ও নেভিগেশন সিস্টেমের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষকেরা।

জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষকেরা জানিয়েছেন, পৃথিবীর ভরকেন্দ্র ঋতু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে স্থান পরিবর্তন করছে। পানি, বরফ ও বাতাসের ওজনের চাপে গ্রহের অভ্যন্তরে প্রতিনিয়ত এই পরিবর্তন ঘটছে। এর ফলে পৃথিবীর ভরকেন্দ্র তার নিজস্ব জ্যামিতিক কেন্দ্র থেকে প্রায় কয়েক মিলিমিটার পর্যন্ত নড়ে ওঠে। সামান্য এই পরিবর্তনও আধুনিক বিশ্বের অত্যন্ত নিখুঁত ম্যাপিং ও নেভিগেশন–ব্যবস্থায় ত্রুটি ঘটাতে পারে।

গবেষকেরা স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর ভরকেন্দ্রের পরিবর্তন পর্যবেক্ষণ করেছেন। তাঁদের মতে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পানির পরিমাণের তারতম্য ভরকেন্দ্র পরিবর্তনের মূল কারণ। মার্চ মাসে উত্তর আমেরিকা ও ইউরেশিয়ায় তুষার জমায় ভরকেন্দ্র উত্তর মেরুর দিকে প্রায় তিন মিলিমিটার সরে গেছে। আবার এপ্রিলে আমাজন নদী অববাহিকায় বৃষ্টির পানি বৃদ্ধি পাওয়ায় ভরকেন্দ্র দক্ষিণ আমেরিকার দিকে আড়াই মিলিমিটারের মতো ঝুঁকে পড়েছে।

গবেষক ডোনাল্ড আরগাস জানান, ভরকেন্দ্রের পাশাপাশি উত্তর মেরুও ক্রমাগত তার স্থান পরিবর্তন করে চলেছে। হিমবাহ ও বরফ গলে যাওয়ার কারণে এই মেরু পরিবর্তন ঘটছে, যা একুশ শতকের শেষ নাগাদ অনেক দূর সরে যেতে পারে। গ্রিনহাউস গ্যাস নির্গমন অব্যাহত থাকলে এই পরিবর্তনের মাত্রা আরও দ্রুততর হতে পারে।

সূত্র: ডেইলি মেইল