মঙ্গল গ্রহের বুকে জটিল জৈব অণুর সন্ধান পেয়েছে নাসার কিউরিওসিটি রোভার। সন্ধান পাওয়া অণুগুলো ৩৭০ কোটি বছর আগের কাদা–পাথরে সংরক্ষিত প্রাচীন প্রাণের উপস্থিতির জোরালো প্রমাণ হতে পারে বলে ধারণা করছেন নাসার বিজ্ঞানীরা। এর ফলে মঙ্গল গ্রহের ধূসর মাটিতে প্রাচীন প্রাণের অস্তিত্ব নিয়ে দীর্ঘদিনের জল্পনা আরও জোরালো হলো।
নাসার তথ্যমতে, কিউরিওসিটি রোভার বর্তমানে মঙ্গলের গেইল ক্রেটার বিশাল খাদের ভেতরে অবস্থিত মাউন্ট শার্পের পাদদেশে অনুসন্ধান চালাচ্ছে। সেখানে ড্রিল করে সংগৃহীত পাথরের নমুনায় ডেকেন, আনডেকেন ও ডোডেকেনের মতো মাঝারি আকারের হাইড্রোকার্বন পাওয়া গেছে।
নাসার বিজ্ঞানীদের প্রকাশিত এক গবেষণাপত্রে দাবি করা হয়েছে, এসব অণুর গঠন অনেকটা ফ্যাটি অ্যাসিডের খণ্ডিত অংশের মতো। পৃথিবীতে ফ্যাটি অ্যাসিড হলো কোষ বা সেল তৈরির প্রধান উপাদান। মঙ্গলে ৩৭০ কোটি বছর আগের কাদা–পাথরে এ ধরনের জটিল গঠন সংরক্ষিত থাকা অত্যন্ত বিরল। মহাজাগতিক বিকিরণ সাধারণত সময়ের সঙ্গে সঙ্গে এ ধরনের জৈব অণুকে ধ্বংস করে দেয়। গবেষকেরা ল্যাবরেটরি টেস্ট ও কম্পিউটার মডেলিংয়ের মাধ্যমে প্রায় ৮০ মিলিয়ন বছর ধরে এই পাথরের ওপর বিকিরণের প্রভাব পর্যালোচনা করেছেন। তাঁদের তথ্য বলছে, এসব অণুর উপস্থিতির পেছনে একটি জৈবিক ব্যাখ্যা থাকা অত্যন্ত গ্রহণযোগ্য।
২০১২ সালে মঙ্গলে অবতরণের পর থেকে কিউরিওসিটি রোভার একের পর এক রহস্য উদ্ঘাটন করে চলেছে। মাউন্ট শার্প পর্বতটি মূলত পলি জমে তৈরি হওয়া বিভিন্ন স্তরের সমষ্টি, যা দেখতে অনেকটা বিশালাকার কেকের মতো। এর প্রতিটি স্তর মঙ্গলের ইতিহাসের ভিন্ন ভিন্ন যুগকে তুলে ধরে। প্রাচীন হ্রদ থেকে শুরু করে পাথুরে এলাকা এবং বর্তমানে সালফেটে সমৃদ্ধ স্তরে রোভারটি প্রাণের উপযোগী পরিবেশের সন্ধান করছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া