নেদারল্যান্ডস ও পর্তুগালের জলপথে নিয়মিত কার্গো পরিবহন করা হচ্ছে পালতোলা নৌকায়।
নেদারল্যান্ডস ও পর্তুগালের জলপথে নিয়মিত কার্গো পরিবহন করা হচ্ছে পালতোলা নৌকায়।

আবার কি ফিরে আসছে পালতোলা নৌকার সময়

লোকসংগীতশিল্পী আব্বাস উদ্দিন আহমেদের গাওয়া বিখ্যাত গান, ‘নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে’। সেই পালতোলা নৌকা ধীরে ধীরে হারিয়ে গেছে। সেই জায়গায় দেখা যায় যন্ত্রচালিত নানা নৌকা। চমকে ওঠার মতো খবর হলো, আবারও সেই পালতোলা নৌকা ফিরে এসেছে। শুধু ফিরেই আসছে না, রীতিমতো পণ্য পরিবহনে ব্যবহৃত হচ্ছে।

নেদারল্যান্ডস ও পর্তুগালের জলপথে নিয়মিত কার্গো পরিবহন করা হচ্ছে পালতোলা নৌকায়। ১৯১২ সালে তৈরি দ্য ট্যাক্কের নামে পালতোলা নৌকায় পণ্য পরিবহন করা হচ্ছে নিয়মিত। দুই মাস্তুলের এই ডাচ নৌকা এখনো সমুদ্রে ঘোড়ার মতো ছুটে চলে। জর্নে ল্যাঙ্গেলান এই নৌকায় পণ্য পরিবহনের কাজ করছেন। ছোটবেলায় দাদার সঙ্গে নৌপথে পণ্য পরিবহনের কাজ করেছেন তিনি। সেই আগ্রহেই আবারও নৌকা নিয়ে জলে নেমে পড়েছেন।

গত জুলাই মাস থেকে পণ্য পরিবহনের কাজ শুরু করেছেন জর্নে ল্যাঙ্গেলান। ইকোক্লিপার নামের কোম্পানি প্রতিষ্ঠা করে এই কাজ করছেন। ৪০ মিটার বা ১৩১ ফুট লম্বা নৌকা অ্যামস্টারডাম থেকে পর্তুগালের পোর্টোতে পণ্য পরিবহন করে। মাঝপথে স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ডে নোঙ্গর ফেলে দ্য ট্যাক্কের। শত বছরের বেশি বয়সী নৌকায় ৭০ টনের মতো পণ্য পরিবহন করা যায়, ১২ জন যাত্রীও যেতে পারছেন এতে। এই নৌকা আগে জার্মানি ও নেদারল্যান্ডসের মধ্যে গৃহনির্মাণের পণ্য পরিবহনে ব্যবহৃত হতো।

বাতাসচালিত কার্গোজাহাজ উনিশ শতকে সমুদ্র দখল করে রেখেছিল। এরপরে বাস্পচালিত ইঞ্জিনের কারণে হারিয়ে যায় বায়ুচালিত নৌকা। কয়লাচালিত ইঞ্জিন পুরো সাগর-মহাসাগর দখল করে নেয়। এখনকার বিশাল বিশাল কনটেইনারবাহী জাহাজ জ্বালানি তেলে চলে। বৈশ্বিক কার্বন নির্গমনের ৩ শতাংশের জন্য দায়ী এসব জাহাজ।

জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে আবারও সেই আদি আমলের বায়ুচালিত পদ্ধতিতে ফিরে যাওয়ার ডাক দিচ্ছে। জর্নে ল্যাঙ্গেলান আগে জলবায়ু গবেষক দলের সঙ্গে কাজ করেছেন। জীববিজ্ঞানীদের সঙ্গে অ্যান্টার্কটিকা সফরে যান বিখ্যাত বার্ক ইউরোপা জাহাজে করে। তিনি জানান, ‘আমরা জলবায়ু পরিবর্তনের ওপর প্যারিস চুক্তি অনুসরণ করতে গেলে আমাদের ফসিল জ্বালানির ব্যবহার কমাতে হবে। ভবিষ্যতের ভ্রমণ ও দুরবর্তী পণ্য পরিবহনে বায়ুচালিত পালতোলা নৌকাই কিন্তু টেকসই উপায় বলা যায়। তবে পালতোলা নৌকাতে পণ্য পরিবহন সময়সাপেক্ষ। চীন থেকে ইউরোপে যেতে সময় লাগে প্রায় ৭০ দিন, যেখানে আধুনিক জাহাজের লাগে ৩০-৪০ দিন। এসব আধুনিক জাহাজে একবারে ২০ হাজারের মতো কনটেইনার পরিবহন করা যাচ্ছে, সেখানে পালতোলা নৌকা প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন বটে।
দ্য ট্যাক্কেরের মতো আরও ২৫টি বায়ুচালিত পালতোলা কার্গো জাহাজ তৈরির কাজ করছে ইকোক্লিপার। আরও ২০ গুণ বড় আকৃতির জাহাজ নির্মাণের কাজ চলছে। একেকটি জাহাজ নির্মাণে খরচ পড়বে ৯০ লাখ পাউন্ড করে।

ক্লার্কসন্স রিসার্চ নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক স্টিফেন গর্ডন জানান, এখন পরিবহন শিল্প আধুনিক উপায়ে জ্বালানির বিকল্প খুঁজছে। গত বছর ৬০ শতাংশ নতুন জাহাজ নির্মাণ করা হয়েছে। সারা বিশ্বে যেখানে ১ লাখ ইঞ্জিনচালিত জাহাজ চলে সেখানে মাত্র ৫০টি বায়ুচালিত নৌকা বা জাহাজ সক্রিয় আছে।  

এরই মধ্যে বৈশ্বিকভাবে অনেক প্রতিষ্ঠান পালতোলা জাহাজ তৈরির কাজ করছে। ইন্টারন্যাশনাল উইন্ডশিপ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা হয়েছে, যার সদস্যসংখ্যা ১৫০। সংস্থার নির্বাহী গ্যাভিন অলরাইটের ভাষ্যে, আবারও ফিরে আসছে বায়ুচালিত নৌকার সময়।

১০ টনের মতো পণ্য পরিবহন করতে পারে অ্যাপোলোনিয়া।

২০১২ সাল থেকে এই ধারণা সারা বিশ্ব জনপ্রিয় হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়ছে, কার্বন ট্যাক্সও বাড়বে, যে কারণে পালতোলার সময় আবারও চলে আসছে বলা যায়। যুক্তরাষ্ট্রে ২০২০ সাল থেকে নিউইয়র্ক স্টেটের হাডসন নদীতে অ্যাপোলোনিয়া নামের পালতোলা নৌকাতে পণ্য পরিবহন করা হচ্ছে। ১০ টনের মতো পণ্য পরিবহন করতে পারে অ্যাপোলোনিয়া। চিলি সস থেকে শুরু করে নানা পণ্য পরিবহন করছে এই নৌকা।  

বাজার বিশ্লেষকেরা দেখছেন বায়ুচালিত নৌকার চাহিদা অনেক। চাহিদার তুলনায় নৌকা সরবরাহ হচ্ছে অনেক কম। পরিবেশের কথা বিবেচনা করে যত দ্রুত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সচেতন হবে, ততই বায়ুচালিত নৌকার সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে।
সূত্র: বিবিসি নিউজ