প্লাস্টিক দূষণে বিপন্ন আমাদের সুন্দর পৃথিবী; আর তাই দীর্ঘদিন ধরেই পরিবেশদূষণ রোধ করার পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানির সন্ধানে গবেষণা করছেন বিভিন্ন দেশের গবেষকেরা। এবার একই সঙ্গে এই দুটি সমস্যার সমাধান করেছেন দক্ষিণ কোরিয়ার ইওহা ওমেন্স ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের গবেষকেরা। বর্জ্য প্লাস্টিক থেকে হাইড্রোজেন উৎপাদনের নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন তাঁরা। নতুন এ পদ্ধতি কাজে লাগিয়ে মানুষের ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য বাছাই না করেই সেগুলো থেকে উচ্চ মানের হাইড্রোজেন জ্বালানি উৎপাদন করা সম্ভব। নতুন এই গবেষণার ফলাফল পিএনএএস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষকদের তথ্যমতে, নতুন এ উদ্ভাবনের জন্য অ্যালকালাইন থার্মাল ট্রিটমেন্ট বা এটিটি নামের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ইতিপূর্বে সামুদ্রিক শৈবাল থেকে হাইড্রোজেন তৈরি করতে এই প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছিল। এই প্রযুক্তিতে প্রথমে পলিইথিলিন টেরেফথালেট (পিইটি), পলিইথিলিন (পিই) এবং পলিপ্রোপিলিনের (পিপি) মতো বহুল ব্যবহৃত মিশ্র প্লাস্টিক বর্জ্য পরীক্ষা করা হয়। পরীক্ষা চলাকালে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তাপ ব্যবহারের মাধ্যমে কোনো প্রকার প্লাস্টিক বাছাই ছাড়াই ৯০ শতাংশের বেশি বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস তৈরি করা সম্ভব হয়েছে।
পুনর্ব্যবহার প্রক্রিয়ায় প্লাস্টিক আলাদা করা অনেক ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ কাজ। বর্তমানে বিশ্বজুড়ে তৈরি হওয়া প্লাস্টিকের মাত্র ৯ শতাংশ রিসাইকেল করা সম্ভব হয়। এই নতুন উদ্ভাবন সেই জটিল বাধা দূর করে দিয়েছে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকুলার ইঞ্জিনিয়ার আ-হিউং পার্ক বলেন, আমরা একই সঙ্গে দুটি জরুরি বৈশ্বিক সমস্যার সমাধান করছি। প্লাস্টিক বর্জ্য আশঙ্কাজনক হারে জমা হচ্ছে। অন্যদিকে জ্বালানি থেকে কার্বন দূর করতে পরিচ্ছন্ন হাইড্রোজেন অত্যন্ত প্রয়োজনীয়। এই প্রযুক্তি একটি সৃজনশীল এবং কার্যকর উপায়ে উভয় চ্যালেঞ্জের মোকাবিলা করে। প্রচলিত হাইড্রোজেন উৎপাদন–পদ্ধতির তুলনায় নতুন এই কৌশলে দুটি বড় সুবিধা পাওয়া গেছে। প্রচলিত পদ্ধতির চেয়ে এই প্রক্রিয়ায় ৩০০ থেকে ৪০০ ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা লাগে। এ ছাড়া উপজাত হিসেবে তৈরি কার্বনের ৭৫ শতাংশই বাতাসে না ছড়িয়ে কঠিন পদার্থ হিসেবে আটকে রাখা যায়।
গবেষকেরা জানিয়েছেন, সরাসরি কার্বন ডাই–অক্সাইড নির্গমন উল্লেখযোগ্য পরিমাণে কমানোর এই ক্ষমতা প্রমাণ করে অ্যালকালাইন থার্মাল ট্রিটমেন্ট প্রযুক্তিতে হাইড্রোজেন উৎপাদন প্রচলিত প্রক্রিয়ার তুলনায় পরিবেশবান্ধব। প্লাস্টিক থেকে সহজে হাইড্রোজেন পেতে পিই এবং পিপি প্লাস্টিককে আগে থেকে গরম ও অক্সিডাইজড করা হয়েছিল। সাধারণ প্রক্রিয়ায় পিই এবং পিপি সহজে বিক্রিয়া করে না। আগে থেকে রাসায়নিক প্রক্রিয়াকরণ করার ফলে এগুলো সহজেই বিক্রিয়ায় অংশ নেয়।
দক্ষিণ কোরিয়ার ইওহা ওমেন্স ইউনিভার্সিটির ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট উ-জায়ে কিম বলেন, বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে প্লাস্টিক বাছাইয়ের খরচ এবং প্রক্রিয়ার জটিলতা বড় বাধা ছিল। অ্যালকালাইন থার্মাল ট্রিটমেন্ট প্রযুক্তি সেই বাধা দূর করেছে। বোতল, প্লাস্টিকের ব্যাগ, স্ট্র কিংবা পাত্রে ব্যবহৃত খনিজ তেলভিত্তিক প্লাস্টিক পরিবেশের চরম ক্ষতি করে থাকে। অন্যদিকে প্রচলিত হাইড্রোজেন তৈরিতে প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভর করতে হয়, যা প্রচুর কার্বন ছড়ায়। প্লাস্টিক ব্যবহারের নতুন এই পদ্ধতি বাণিজ্যিকভাবে ছড়িয়ে পড়লে পৃথিবীর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা অনেকাংশে কমে আসবে।
সূত্র: সায়েন্স অ্যালার্ট