আজ ৩ মার্চ এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হচ্ছে পুরো বিশ্ব। আজ সন্ধ্যার পরে পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ যখন ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন হয়ে এক গভীর রক্তিম রূপ ধারণ করছে, সেই দৃশ্যটি যেমন নাটকীয়, তেমনি মোহনীয়। চন্দ্রগ্রহণ আজ ৩ মার্চ বেলা ৩টা ৫০ মিনিট থেকে শুরু হয়েছে।
শত শত বছর ধরে অনেক মানুষ এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়েছে, একে অশুভ সংকেত হিসেবে বিবেচনা করেছে। তবে আধুনিক বিজ্ঞান এই রহস্যের পরিষ্কার ব্যাখ্যা দিয়েছে। যাকে আমরা প্রায়ই ব্লাড মুন বা রক্তিম চাঁদ বলি, তা কোনো অলৌকিক বিষয় নয়। পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যালোকের আচরণের একটি স্বাভাবিক ও প্রত্যাশিত ফল বলা যায় এমন চন্দ্রগ্রহণকে।
যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে, তখন সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছাতে বাধা পায়। নাসার মতে, এই মহাজাগতিক বিন্যাস কেবল পূর্ণিমাতেই সম্ভব। চন্দ্রগ্রহণ সাধারণত তিন ধরনের হয়—পেনামব্রাল, আংশিক এবং পূর্ণ চন্দ্রগ্রহণ। ব্লাড মুন কেবল পূর্ণ চন্দ্রগ্রহণের সময়ই ঘটে, যখন চাঁদ পৃথিবীর ছায়ার গভীরতম অংশ বা আম্ব্রার মধ্য দিয়ে যায়। যৌক্তিক বিচারে মনে হতে পারে, পৃথিবীর ছায়ায় ঢাকা পড়লে চাঁদ সম্পূর্ণ কালো হয়ে যাওয়া উচিত। কিন্তু বাস্তবে তা ঘটে না, বরং চাঁদ লাল বা কমলা বর্ণ ধারণ করে। ইউরোপীয় মহাকাশ সংস্থার মতে, এর কারণ হলো পৃথিবীর বায়ুমণ্ডল। সূর্য থেকে আসা সাদা আলো আসলে সাতটি রঙের সমষ্টি। নীল ও বেগুনি রঙের তরঙ্গদৈর্ঘ্য কম এবং লাল ও কমলা রঙের তরঙ্গদৈর্ঘ্য বেশি। সূর্যের আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন বায়ুর অণুগুলোর সঙ্গে সংঘর্ষের ফলে কম তরঙ্গদৈর্ঘ্যের নীল ও বেগুনি আলো সব দিকে ছড়িয়ে পড়ে (যাকে রেলি স্ক্যাটারিং বলা হয়)। কিন্তু লাল ও কম তরঙ্গদৈর্ঘ্যের আলো বায়ুমণ্ডল ভেদ করে সহজেই এগিয়ে যায়। পৃথিবীর বায়ুমণ্ডল অনেকটা লেন্সের মতো কাজ করে এবং লাল আলোকে কিছুটা বাঁকিয়ে চাঁদের পৃষ্ঠের দিকে পাঠিয়ে দেয়। ফলে চাঁদ লাল দেখায়।
অবশ্য প্রতিটি পূর্ণ চন্দ্রগ্রহণে চাঁদের রং ভিন্ন হতে পারে। কখনো তা উজ্জ্বল কমলা, কখনো গাঢ় লাল, আবার কখনো বাদামি রঙের দেখায়। এই তারতম্য মূলত সেই সময়ের পৃথিবীর বায়ুমণ্ডলীয় অবস্থার ওপর নির্ভর করে। বায়ুমণ্ডলে থাকা ধূলিকণা, আগ্নেয়গিরির ছাই, দাবানলের ধোঁয়া বা বায়ুদূষণের পরিমাণের ওপর ভিত্তি করে চাঁদের রঙের তীব্রতা পরিবর্তিত হয়। তাই চন্দ্রগ্রহণের সময় চাঁদ আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের বর্তমান অবস্থার একটি প্রতিফলনও দেখায়।
যদি কোনো ব্যক্তি এই সময় চাঁদের পৃষ্ঠে দাঁড়িয়ে থাকতেন, তবে তিনি দেখতেন সূর্যকে পৃথিবী আড়াল করে রেখেছে। পৃথিবী একটি অন্ধকার গোলক হিসেবে দৃশ্যমান হতো, যার চারপাশে জ্বলজ্বলে লাল বলয় দেখা যেত। এই লাল আভা মূলত পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর দিয়ে সূর্যের আলোর বেঁকে আসার ফল।