মানুষ নানা কারণে শোকগ্রস্ত হয়। শোকের প্রকাশ হিসেবে কেউ কাঁদে, কেউবা চুপ করে বসে থাকে। মানুষের মতো অন্য অনেক প্রাণীও শোক প্রকাশ করে। বিজ্ঞানীরা বলছেন, শোক প্রকাশের মাত্রা সবচেয়ে বেশি হাতিদের মধ্যে। মৃত্যুর শোক প্রকাশ করে হাতিরা। কোনো হাতির শাবক মারা গেলে তার মৃতদেহ কবর দেওয়ার চল আছে হাতিদের মধ্যে। এশীয় হাতিরা তাদের মৃত শাবকের জন্য শোকে আর্তনাদ করে।
ভারতীয় বিজ্ঞানীদের একটি গবেষণায় দেখা গেছে, হাতির শোক প্রকাশের আচরণ মানুষের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানের মতো। জার্নাল অব থ্রেটেনড ট্যাক্সায় হাতির শোক নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। সমীক্ষা অনুসারে গবেষকেরা ২০২২ ও ২০২৩ সালে সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাঞ্চলে বিশালাকার স্তন্যপায়ী প্রাণীদের আচরণ পর্যবেক্ষণ করেন। পাঁচটি হাতি শাবকের কবর শনাক্ত করেছেন গবেষকেরা। প্রতিটি ক্ষেত্রেই দেখা যায় হাতির পাল মৃত শাবককে পা দিয়ে টেনে নিয়ে যায়। কোনো গর্তে শাবকের দেহ সমাহিত করার আগে পা ওপরের দিকে রেখে মাটি দিয়ে চাপা দেয় হাতি।
বিজ্ঞানী পারভীন কাসওয়ান ও আকাশদীপ রায় বলেন, ‘ডিজিটাল ফটোগ্রাফি, ফিল্ডনোট ও ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে আমরা হাতির শোক প্রকাশের বিষয়টি বোঝার চেষ্টা করেছি। মৃত্যুর ভিন্ন কারণ থাকলেও দেখা যায় শাবকের মৃতদেহ একইভাবে সমাহিত করা হয়। এক ভিডিও চিত্রে দেখা যায় শাবকের মৃতদেহের চারপাশে জোরে জোরে গর্জন করছে হাতি। আমাদের গবেষণায় পাঁচটি হাতি শাবকের মৃত্যুর পর কোনো মানুষের হস্তক্ষেপ পাওয়া যায়নি। কবর দেওয়ার আশপাশে ও মৃতদেহর ওপরের মাটিতে ১৫-২০টি হাতির পায়ের ছাপ স্পষ্ট দেখা গেছে। বিভিন্ন শাবক তিন মাস থেকে এক বছরের মধ্যে একাধিক অঙ্গপ্রত্যঙ্গের দুর্বলতার কারণে মারা যায়। হাতিরা নিজেদের মৃত শাবকের দেখা নিকটতম মানববসতি থেকে কয়েক শ মিটার দূরে চা-বাগানের সেচ খালে কবর দেয়। হাতিরা তাদের সামাজিক ও সহযোগিতামূলক আচরণের জন্য পরিচিত। এর আগে শাবক কবর দেওয়ার বিষয়টি শুধু আফ্রিকান হাতিদের মধ্যে দেখা গিয়েছিল। পাঁচটি নমুনা কবর থেকে জানা যায়, মাটিতে কবর দেওয়ার ৪০ মিনিটের মধ্যে সেখান থেকে হাতিরা চলে যায়।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের ভাষ্যে এশীয় হাতি বিপন্ন হিসেবে স্বীকৃত। তাদের মধ্যে আনুমানিক ২৬ হাজার হাতি বন্য অঞ্চলে বাস করে। বেশির ভাগ এশীয় হাতি ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাস করে। বিবিসির তথ্য অনুসারে, বাংলাদেশে প্রায় দুই শর মতো এশীয় হাতি বাস করে।
সূত্র: ফিজ ডট ওআরজি ও বিবিসি