চ্যাটজিপিটির নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা কত, জানাল ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ৯০ কোটিতে পৌঁছেছে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এর ফলে শতকোটি সাপ্তাহিক ব্যবহারকারীর মাইলফলকের আরও কাছাকাছি চলে এসেছে চ্যাটজিপিটি। বিনা মূল্যে ব্যবহারকারীর পাশাপাশি অর্থের বিনিময়ে চ্যাটজিপিটি ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে। ওপেনএআইয়ের তথ্যমতে, বর্তমানে প্রায় পাঁচ কোটি মানুষ অর্থের বিনিময়ে নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করেন।

এক ব্লগ বার্তায় ওপেনএআই জানিয়েছে, বছরের শুরু থেকেই নতুন গ্রাহক যুক্ত হওয়ার গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি—এই দুই মাস প্রতিষ্ঠানটির ইতিহাসে নতুন গ্রাহক যুক্ত হয়েছে সবচেয়ে বেশি। শেখা, লেখা ও পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন পেশাগত ও সৃজনশীল কাজে ব্যবহারকারীরা ক্রমেই বেশি হারে চ্যাটজিপিটি ব্যবহার করছেন। ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সেবার মানেও উন্নতি এসেছে। প্রতিক্রিয়া দেওয়ার গতি বেড়েছে, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা জোরদার হয়েছে এবং সামগ্রিক কার্যকারিতা আরও স্থিতিশীল হয়েছে।

গত বছরের অক্টোবরে চ্যাটজিপিটির নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা ছিল ৮০ কোটি। মাত্র চার মাসের ব্যবধানে চ্যাটজিপিটিতে আরও ১০ কোটি ব্যবহারকারী যুক্ত হয়েছে। স্বল্প সময়ে এমন প্রবৃদ্ধি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি সেবার বিস্তারের দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, চ্যাটজিপিটির উন্নয়নে ব্যক্তিগত বিনিয়োগের মাধ্যমে ১১ হাজার কোটি ডলার (১১০ বিলিয়ন ডলার) তহবিল সংগ্রহ করেছে, যা ইতিহাসের অন্যতম বৃহৎ বেসরকারি অর্থায়নের পর্ব হিসেবে বিবেচিত হচ্ছে। এ তহবিলে পাঁচ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে অ্যামাজন। পাশাপাশি তিন হাজার কোটি ডলার করে বিনিয়োগ করেছে এনভিডিয়া ও সফট ব্যাংক।

সূত্র: টেক ক্রাঞ্চ