এইচএমডি ১০১ ফোন
এইচএমডি ১০১ ফোন

স্বয়ংক্রিয়ভাবে ফোনকল রেকর্ড করতে পারে এই ফিচার ফোন

স্বয়ংক্রিয়ভাবে কল রেকর্ড করতে সক্ষম ফিচার ফোন আনার মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করেছে নকিয়া মোবাইল ফোনের মূল প্রতিষ্ঠান হিউম্যান মোবাইল ডিভাইসেস (এইচএমডি)। গত মঙ্গলবার বগুড়ার একটি হোটেলে উত্তরবঙ্গের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উপস্থিতিতে ‘এইচএমডি ১০১’ মডেলের ফোনটি বাজারজাতের ঘোষণা দেওয়া হয়। ফোনটি বাংলাদেশে বাজারজাত করছে প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এইচএমডি বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষ দৈনন্দিন যোগাযোগের জন্য ফিচার ফোন ব্যবহার করেন। অনেক চাকরিজীবী ও ভ্রমণকারীও স্মার্টফোনের পাশাপাশি ফিচার ফোন কেনেন। এসব ব্যবহারকারীর চাহিদা বিবেচনায় রেখে বাংলাদেশেই এইচএমডি ১০১ মডেলের ফোনটি তৈরি করা হয়েছে।

ফোনটিতে রয়েছে ১ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ফলে একবার চার্জে টানা সাত ঘণ্টা পর্যন্ত কথা বলা যায়। দুটি এলইডি টর্চযুক্ত ফোনটিতে বিল্ট-ইন এমপিথ্রি প্লেয়ার ও ওয়্যারলেস এফএম রেডিও রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে চাইলে ফোনটির ধারণক্ষমতা সর্বোচ্চ ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনটির দাম ধরা হয়েছে ১ হাজার ৯৯৯ টাকা।

এইচএমডি ১০১ মডেলের ফোন হাতে এইচএমডি ও সেলেক্সট্রা লিমিটেডের কর্মকর্তারা

এইচএমডির ইমার্জিং এশিয়া অঞ্চলের জেনারেল ম্যানেজার বিবেক খান্ডেলওয়াল বলেন, ‘বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। মানের সঙ্গে আপস না করে সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য প্রযুক্তি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।’

এইচএমডি বাংলাদেশের বিজনেস ম্যানেজার কাজী আল আমীন বলেন, ‘ফিচার ফোন এখনো দেশের লাখো মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। উত্তরবঙ্গ থেকে “এইচএমডি ১০১”-এর যাত্রা শুরু হওয়া আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। নকিয়ার পরিচিত স্থায়িত্ব এবং এইচএমডির আধুনিক সুবিধার সমন্বয় এই ফোনে পাওয়া যাবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলেক্সট্রা লিমিটেডের হেড অব সেলস মামুন খান ও চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ।