ল্যাপটপের ব্যাটারির যত্নে বেশ কিছু কৌশল মেনে চলতে হবে
ল্যাপটপের ব্যাটারির যত্নে বেশ কিছু কৌশল মেনে চলতে হবে

টেকবার্তা

ল্যাপটপের ব্যাটারির স্থায়িত্ব বাড়াবেন যেভাবে

ল্যাপটপ ব্যবহারের সময় হুট করে ব্যাটারি শেষ হয়ে যাওয়া অত্যন্ত বিরক্তিকর। কিছু সঠিক নিয়ম মেনে চললে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ বাড়ানো এবং ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব। ব্যাটারির চার্জ বাঁচাতে ও কার্যক্ষমতা বাড়াতে কিছু উপায় অনুসরণ করতে পারেন।

এনার্জি সেভার মোড চালু রাখা

উইন্ডোজ ১১-এর এনার্জি সেভার মোড ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়া রোধ করে। চার্জ ৩০ শতাংশে নামলে এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। তবে কাজের সুবিধার্থে যেকোনো সময় এটি ম্যানুয়ালি চালু রাখা যায়।

পাওয়ার ও ডিসপ্লে সেটিংস পরিবর্তন

পাওয়ার সেটিংসে গিয়ে বেস্ট পাওয়ার এফিসিয়েন্সি নির্বাচন করা উচিত। এ ছাড়া ডিসপ্লের রিফ্রেশ রেট (যেমন ১২০ হার্জ থেকে কমিয়ে ৬০ হার্জ) কমানো এবং স্ক্রিনের ব্রাইটনেস প্রয়োজনমতো কমিয়ে রাখলে চার্জ অনেক কম খরচ হয়।

ডার্ক মোড ব্যবহার করা

ডার্ক মোড ব্যবহার করলে ব্যাটারি খরচ অনেকটাই কমে যায়। বিশেষ করে ওএলইডি ডিসপ্লেযুক্ত ল্যাপটপে ডার্ক মোড চালু করলে পিক্সেলগুলো পুরোপুরি বন্ধ থাকে, যা প্রচুর চার্জ বাঁচায়।

অব্যবহৃত পেরিফেরালস ও অ্যাপ বন্ধ করা

ল্যাপটপের সঙ্গে সংযুক্ত পেনড্রাইভ, এক্সটার্নাল হার্ডড্রাইভ বা মাউস প্রয়োজন শেষে খুলে ফেলা ভালো। ব্যাকগ্রাউন্ডে চলা মেমোরি ও চার্জ গ্রাসকারী অ্যাপগুলো চিহ্নিত করে সেগুলো বন্ধ রাখতে হবে। প্রয়োজন ছাড়া ওয়াই-ফাই বা ব্লুটুথ বন্ধ রাখতে অ্যারোপ্লেন মোড ব্যবহার করা যেতে পারে।

ডেডিকেটেড গ্রাফিকস ও সিপিইউ নিয়ন্ত্রণ

গেমিং বা ভারী কাজের ল্যাপটপে ইন্টিগ্রেটেড জিপিইউ ব্যবহার করলে চার্জ সাশ্রয় হয়। এ ছাড়া গেমিং ল্যাপটপে বিভিন্ন অ্যাপের মাধ্যমে সিপিইউ কোর নিয়ন্ত্রণ করে ব্যাটারি বাঁচানো সম্ভব।

ব্যাটারি কেয়ার মোড চালু করা

সারাক্ষণ শতভাগ চার্জে ল্যাপটপ প্লাগড-ইন রাখলে ব্যাটারির ক্ষতি হয়। অ্যাপের ব্যাটারি কেয়ার মোড চালু করলে চার্জ ৮০ শতাংশে সীমাবদ্ধ থাকে, যা দীর্ঘ মেয়াদে ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখে।

ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা

সব চেষ্টার পরও ব্যাটারি দ্রুত শেষ হলে ব্যাটারি ডায়াগনসিস করে ব্যাটারির সঠিক অবস্থা জেনে নেওয়া প্রয়োজন। সঠিক পরিচর্যার মাধ্যমে ল্যাপটপের ব্যাটারি লাইফ বাড়িয়ে নেওয়া সম্ভব। সূত্র: আসুস

● জাহিদ হোসাইন খান

টেকবার্তার সঙ্গে যোগাযোগ: techbarta@prothomalo.com