টেকবার্তা

সব কিউআর কোড স্ক্যান করা ঠিক কি না

মোবাইলে টাকা পাঠানো কিংবা মেট্রোরেলের টিকিট কেনার জন্য আমরা মুঠোফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করি। যেখানে-সেখানে কিউআর কোড স্ক্যান করা বর্তমানে সাইবার নিরাপত্তার দিক থেকে বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কিউআর কোড নিজে থেকে হ্যাক করতে না পারলেও এর পেছনের ক্ষতিকর লিংক ব্যবহারকারীদের বিপদে ফেলতে পারে। ক্যাসপারস্কি ডট কমের ভাষ্যে, আক্রমণকারীরা প্রায়ই আসল কিউআর কোডের ওপর ক্ষতিকর কিউআর কোড লাগিয়ে দেয়। সাধারণ মানুষ না বুঝে সেগুলো স্ক্যান করলে ফিশিং সাইটের ফাঁদে পড়তে পারে।

টেকবার্তার সঙ্গে যোগাযোগ: techbarta@prothomalo.com

এর ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা আর্থিক হিসাবের গোপনীয়তা হ্যাকারদের হাতে চলে যাওয়ার ঝুঁকি থাকে। এ ছাড়া কোড স্ক্যান করলেই ম্যালওয়্যার ডাউনলোড হয়ে যাওয়া বা ফোনে অপ্রীতিকর সফটওয়্যার ইনস্টল হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। যেহেতু মোবাইল যন্ত্রগুলো অনেক সময় কম্পিউটারের তুলনায় কম সুরক্ষিত থাকে, তাই এই ঝুঁকি আরও বেশি। অজানা বা সন্দেহজনক উৎস থেকে আসা কিউআর কোড স্ক্যান করার ক্ষেত্রে তাই সব সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।

সূত্র: ক্যাসপারস্কি