
আগামী সোমবার (৩০ অক্টোবর) ‘স্ক্যারি ফাস্ট’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপল। ‘অক্টোবর ইভেন্ট’ নামে পরিচিত এ অনুষ্ঠান ঘিরে প্রযুক্তিপ্রেমীদের ব্যাপক আগ্রহ থাকলেও বরাবরের মতো আগাম কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, অনুষ্ঠানে একাধিক মডেলের ম্যাকবুক ল্যাপটপসহ নতুন পণ্যের ঘোষণা দিতে পারে অ্যাপল।
জানা গেছে, হ্যালোইন উৎসবকে সামনে রেখে এ অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে স্ক্যারি ফাস্ট। ভুতুড়ে নকশার থিম তৈরির পাশাপাশি রাতের আবহ ফুটিয়ে তুলতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল পাঁচটায় (বাংলাদেশ সময় ৩১ অক্টোবর সকাল ছয়টা) অনলাইনে শুরু হবে এ অনুষ্ঠান। অ্যাপলের তথ্যমতে, অনুষ্ঠানে সরাসরি কেউ বক্তব্য দেবেন না, ধারণ করা ভিডিও সম্প্রচার করা হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, অনুষ্ঠানে এমথ্রি প্রসেসরে চলা তিনটি মডেলের ম্যাকবুকের ঘোষণা দিতে পারে অ্যাপল। এর পাশাপাশি এমথ্রি প্রসেসরে চলা আইম্যাক কম্পিউটার আনারও ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। তবে আইপ্যাড নিয়ে অনুষ্ঠানে কোনো ঘোষণা না আসার সম্ভাবনাই বেশি।
স্ক্যারি ফাস্ট অনুষ্ঠানটি এই ঠিকানার ওয়েবসাইট, অ্যাপলের ইউটিউব চ্যানেলের পাশাপাশি অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সরাসরি দেখা যাবে।
সূত্র: ম্যাশেবল