আফগানিস্তানে বোমায় নারী ও শিশুসহ নিহত ৮

দক্ষিণ আফগানিস্তানের গোলযোগপূর্ণ জাবুল প্রদেশে গতকাল শুক্রবার রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে আট বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এদের প্রায় সবাই নারী ও শিশু।
একটি গাড়িতে করে ওই ব্যক্তিরা জাবুলের রাজধানী কালাত যাওয়ার সময় এর কাছের একটি স্থানে বোমাটির বিস্ফোরণ ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে নারী পাঁচজন, শিশু দুজন ও বয়স্ক ব্যক্তি একজন। আফগান ও বিদেশি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে এ ধরনের বোমাকে তালেবানের একটি প্রধান অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়।
জাবুলের উপগভর্নর মোহাম্মদ জান রসুলিয়ার বলেন, নিহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য। এএফপি।