
কানাডার নতুন গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক নভোচারী জুলি পায়েটে। ব্রিটেনের রানির প্রতিনিধি হিসেবে তিনি বর্তমান গভর্নর জেনারেল ডেভিড জনস্টনের স্থলাভিষিক্ত হচ্ছেন। সংশ্লিষ্ট একটি সূত্রের কথা উল্লেখ করে এ তথ্য নিশ্চিত করেছে সিবিসি নিউজ।
কানাডার ২৯তম গভর্নর জেনারেল হিসেবে জুলি পায়েটের নাম ১৩ জুলাই দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ঘোষণা করার কথা রয়েছে। ৫৩ বছর বয়সী এ মহাকাশচারী মন্ট্রিয়লের অধিবাসী। তবে গভর্নর জেনারেলের দায়িত্ব নিলে তাঁকে থাকতে হবে রিডিউ হলে। আর সম্মানী হিসেবে ২ লাখ ৯০ হাজার ডলারের বেতন তো রয়েছেই।
এ বিষয়ে সিবিসি নিউজকে পায়েটে বলেন, ‘আমি তো এখনো এত কিছু জানি না।’ তবে এ বিষয়ে তিনি এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি।
ছয়টি ভাষা জানার পাশাপাশি পায়েটে একাধারে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, অ্যাথলেট ও পিয়ানো বাদকও। রয়েছে কমার্শিয়াল পাইলটের লাইসেন্সও। ১৯৯২ সালে ৫ হাজার ৩৩০ আবেদনকারীর মধ্যে চারজন মহাকাশচারীকে নির্বাচন করে কানাডিয়ান স্পেস এজেন্সি (সিএসএ)। সে সময়ের পর মোট দুবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গেছেন তিনি। এ ছাড়া ২০০০-০৭ সময় পর্যন্ত ছিলেন সিএসএর প্রধান নভোচারী।
প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে গভর্নর জেনারেল পদে রানি সরাসরি নিয়োগ দেন। কোনো বাঁধাধরা নিয়ম না থাকলেও সাধারণত পাঁচ বছর মেয়াদে এ নিয়োগ দেওয়া হয়। বর্তমান গভর্নর জেনারেল জনস্টন এ পদে নিযুক্ত হয়েছিলেন ২০১০ সালে।
গভর্নর জেনারেল হিসেবে পায়েটেকে রানির প্রতিনিধিত্ব করার পাশাপাশি কানাডার সামরিক বাহিনীর সর্বাধিনায়কের ভূমিকাও নিতে হবে। একই সঙ্গে বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার সঙ্গে সঙ্গে দেশে ও দেশের বাইরে করতে হবে আনুষ্ঠানিক সফর। তবে এসবের বাইরে একজন গভর্নর জেনারেলের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে, কানাডায় সব সময় প্রধানমন্ত্রীর অধীনে একটি স্থিতিশীল সরকার থাকার বিষয়টি নিশ্চিত করা। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতিসহ অন্য মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের শপথবাক্য পাঠ করানোর দায়িত্বও পালন করেন।