রুশ গোয়েন্দা আলেক্সান্দর লিতভিনেনকো হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনদের যোগাযোগের ওপর আড়ি পাতা মার্কিন গোয়েন্দারা ধারণা করছেন, রুশ সরকারই তাঁকে বিষ প্রয়োগ করেছিল। গতকাল শনিবার যুক্তরাজ্যের সংবাদপত্র টেলিগ্রাফ-এর প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালে লন্ডনের একটি হোটেলে লিতভিনেনকোকে চায়ের সঙ্গে তেজস্ক্রিয় পোলোনিয়াম-২১০ প্রয়োগ করার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এনএসএ লন্ডন ও মস্কোর মধ্যে পাঠানো বিভিন্ন বার্তা সংগ্রহ করে। ব্রিটিশ কর্তৃপক্ষ এ ঘটনার তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে। টেলিগ্রাফ-এর প্রতিবেদন অনুযায়ী, ওই সব তথ্যপ্রমাণ বলছে, এই ঘটনায় রুশ প্রেসিডেন্টের দপ্তর সরাসরি জড়িত।
এএফপি