চীনে হামলায় নিহত ৩১

চীনের গোলযোগপূর্ণ জিনজিয়াং অঞ্চলের রাজধানী উরুমকিতে একটি বাজারে সন্ত্রাসী হামলায় ৩১ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৯০ জনের বেশি লোক আহত হয়।
দেশটির জননিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় এ ঘটনাকে ‘সহিংস সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে।
গত মাসে উরুমকিতে একটি স্টেশনে বোমা হামলার ঘটনায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনার জন্য চীন উইঘুর বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিনহুয়া জানায়, সকাল সাতটা ৫০ মিনিটে বাজারের উত্তর ও দক্ষিণ দিক থেকে দুটি গাড়ি বাজারে লোকজনের ওপর উঠে পড়ে। এরপর গাড়ি থেকে বাইরে বিস্ফোরক ছুড়ে মারা হয়।
সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের আবাসভূমি জিনজিয়াং অঞ্চলে। তারা তুর্কি মুসলিম। বিবিসি৷