জালে আটকে বিষধর সাপ মারল মাকড়সা

সাপ ও মাকড়সার লড়াই। ছবি: দ্য নেশনের সৌজন্যে
সাপ ও মাকড়সার লড়াই। ছবি: দ্য নেশনের সৌজন্যে

বিষধর একটি বাদামি সাপকে জালে আটকে মেরেছে দীর্ঘপদী মাকড়সা। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি থেকে ৪০০ কিলোমিটার দূরে উইটহাল নামের একটি এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী কৃষক প্যাট্রিক লিস ঘটনার একটি ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেওয়ার পর থেকে তা ছড়িয়ে পড়ে।

বার্তা সংস্থা এএফপিকে প্যাট্রিক বলেন, লম্বা পা-বিশিষ্ট এই মাকড়সার জালে আটকানো সাপের ছবিটি তিনি গত শনিবার তুলেছিলেন। যখন তিনি ছবি তোলেন, তখন সাপটি মারা গিয়েছিল। তবে মাসকড়া তার বিষ দিয়ে সাপটিকে মেরেছে কি না, এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। শুধু সাপটিকে মাকড়সার জালে আটকে থাকতে দেখেছেন তিনি।
প্যাট্রিক বলেন, সাপ-মাকড়সার যুদ্ধে তিনি ব্যাঘাত ঘটাননি। কারণ মাকড়সার এই জয়কে অস্বীকার করা যায় না।
অস্ট্রেলিয়ান মিউজিয়ামের গ্রাহাম মিলেজ বলেন, মাকড়সার পক্ষে সাপকে হত্যা করা সম্ভব, কিন্তু এর সত্যতা নিশ্চিত করা সম্ভব নয়। এবিসি নিউজকে মিলেজ বলেন, সম্ভবত মাকড়সার জালে আটকে গিয়েছিল সাপটি। এরপর মাকড়সা জাল দিয়ে এটিকে মুড়িয়ে ফেলে কামড় বসাতে শুরু করে।