
অস্ট্রেলিয়ায় এখন চলছে খরা। এর প্রভাবে বিপাকে পড়েছেন দেশটির কৃষকেরা। কৃষকদের জন্য বৃষ্টি চেয়ে দোয়া করা হলো পবিত্র ঈদুল আজহার নামাজে। ঈদের নামাজে বৃষ্টির জন্য প্রার্থনা করেন অস্ট্রেলিয়ার মুসলিমরা।
গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপন হয়। দেশটির হাজারো মুসলমান ঈদের নামাজ আদায় করেন। দেশটির ১৬টি মসজিদে ঈদের নামাজ পড়া হয়। সবচেয়ে বড় ঈদের জামাত হয় সিডনিতে। সেখানকার লেকেম্বা মসজিদে ৩০ হাজার মুসল্লি নামাজ পড়েন। ওই মসজিদের ইমাম শেখ ইয়াহা সাফি বলেন, আল্লাহ আমাদের জন্য বৃষ্টি দাও।
নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডেও বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। পশ্চিম সিডনির লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশনের উদ্যোগে খরায় আক্রান্ত কৃষকদের সহায়তার জন্য অর্থও তোলা হয়। এ সংগঠনটির চেয়ারম্যান সামিয়ের দান্দান বলেন, ‘আমরা একটি পরিবারের মতো। আমি মনে করি যারা খরার কারণে কষ্ট পাচ্ছে তাদের সহায়তায় যা যা করণীয় সবই আমাদের করতে হবে।’ তথ্যসূত্র: বিবিসি ও এবিসি।