পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসই ভালো ফল করতে যাচ্ছে। কংগ্রেস বা বামদলের অবস্থা ভালো নয়। এই রাজ্যে বিজেপির আসন না পাওয়ার আশঙ্কা, পেলেও একটি আসন পেতে পারে। এবিপি আনন্দ-এসি নিয়েলসনের যৌথ সমীক্ষার পর এবার সিএনএন-আইবিএন-সিএসডিএস-লোকনীতির এক যৌথ জনমত সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার জনসমীক্ষার এ প্রতিবেদন প্রকাশিত হয়।
জনমত সমীক্ষায় বলা হয়, পশ্চিমবঙ্গের লোকসভার ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ২৩-২৯টি আসন। বামদল পেতে পারে ৭-১৩টি আসন। আর কংগ্রেস পেতে পারে ৪-৭টি আসন। বিজেপি পেতে পারে শূন্য থেকে একটি আসন।
সমীক্ষায় আরও বলা হয়, তৃণমূল পেতে পারে ৩৮ শতাংশ ভোট। অন্যদিকে বামদল ২৫, কংগ্রেস ১৬ ও বিজেপি পেতে পারে ১২ শতাংশ ভোট।