পশ্চিমবঙ্গে মাওবাদীদের ঘাঁটি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার

পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বীনপুর থানার ঝামাদিয়া গ্রামের একটি মাওবাদী ঘাঁটিতে যৌথবাহিনী বুধবার অভিযান চালিয়ে প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। একই সঙ্গে গ্রেপ্তার করেছে মাওবাদীদের এক শীর্ষ নেতাকে। এ ছাড়া আটক করেছে আরও ২৭ জনকে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে গত ১৫ ফেব্রুয়ারি শিলদা ক্যাম্প থেকে লুট হওয়া বেশ কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ। সেই সঙ্গে উদ্ধার করেছে ইএফআর জওয়ানদের পোশাকও। মাওবাদীদের ওই হামলায় ২৪ জন ইএফআর জওয়ান নিহত হয়।