২০০৯ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে হামলার দায়ে সাবেক এক সেনাসদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি সামরিক আদালত। দোষী সাব্যস্ত ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। গতকাল শনিবার কর্মকর্তারা এ কথা জানান।২০০৯ সালের অক্টোবরে একদল জঙ্গি রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা চালায়। ওই সময় জঙ্গিরা বেশ কয়েকজন কর্মকর্তাসহ ৪২ জনকে জিম্মি করে। নয়জন বন্দুকধারী, ১১ জন সেনাসদস্য ও তিনজন জিম্মির নিহত হওয়ার মধ্য দিয়ে দিনব্যাপী ওই জিম্মি ঘটনার অবসান হয়।সেনা সূত্র জানায়, গত ১১ আগস্ট এ সামরিক আদালতের কার্যক্রম শেষ হয়।নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সাবেক ওই সেনাসদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে; কারণ তিনি ছিলেন মূল অপরাধী ও জঙ্গি চক্রের নেতা।মৃত্যুদণ্ড পাওয়া সাবেক ওই সেনাসদস্যের নাম উসমান। তিনি সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্য ছিলেন।২০০৯ সালে সেনাবাহিনীর সদর দপ্তরে ওই হামলার পর বিব্রতকর অবস্থায় পড়ে পাকিস্তানের সেনাবাহিনী। রয়টার্স।