আত্মঘাতী বোমা হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব খান শেরপাও। হামলায় তাঁর একজন দেহরক্ষী নিহত ও আটজন আহত হয়েছেন। গত শনিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের চরসাদ্দা জেলায় এ ঘটনা ঘটে।আফতাব খান সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের শাসনামলে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে প্রচারণা চালাতে তিনি প্রদেশের রাজধানী পেশোয়ার থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে শবকাদর শহরে যান। পুলিশ জানায়, শনিবার শবকাদরে এক সমাবেশে বক্তৃতা দিয়ে ফেরার পথে চরসাদ্দা জেলা অতিক্রম করার সময় তাঁর গাড়িবহরে ওই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এএফপি