বাহরাইনের প্রধান বিরোধী শিয়া পক্ষ ইসলামিক ন্যাশনাল অ্যাকর্ড অ্যাসোসিয়েশন (আইএনএএ) সে দেশের পার্লামেন্ট নির্বাচনে ৪০ আসনের মধ্যে ১৮টি আসনে জয় লাভ করেছে। গত শনিবার এ নির্বাচনে ভোট নেওয়া হয়। এ বারের নির্বাচনে ১২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁদের মধ্যে আটজন নারী। নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল-বুয়েইনাইন গতকাল রোববার বলেছেন, আইএনএএ ১৮টি আসন পেয়েছে। এর আগে ২০০৬-এর নির্বাচনে আইএনএএ ১৭ আসনে জয় পায়।এদিকে অনিয়মের অভিযোগে নয়টি আসনে আগামী ৩০ অক্টোবর দ্বিতীয় দফা ভোট নেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের চেয়ারম্যান এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে ভোটের দিন কিছুসংখ্যক ভোটার অভিযোগ করেন, ভোটকেন্দ্রে গিয়ে তাঁরা ভোটার তালিকায় নাম খুঁজে পাননি। এএফপি।