ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের উদ্যোগ নিলে তাদের সমর্থন দেবেন না বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেত্রী মায়াবতী৷
উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী গতকাল শুক্রবার বলেছেন, বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি নির্বাচনে বিজয়ী হবেন বলে গণমাধ্যমগুলো প্রচার করছে৷ কিন্তু বিজেপি বুঝতে পারছে, তাদের পক্ষে হয়তো সরকার গঠন করা সম্ভব হবে না৷
সাংবাদিকদের কাছে মায়াবতী বলেন, নরেন্দ্র মোদি তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকারে দাবি করেছেন, প্রয়োজন হলে তিনি এআইএডিএমকে নেতা জয়লিলতার সমর্থন চাইবেন৷ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিএসপির ন্যাশনাল প্রেসিডেন্টের সমর্থনও চাইতে পারেন৷
মায়াবতী বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, বিএসপি কোনো মূল্যেই এনডিএকে কোনো ধরনের সমর্থন দেবে না৷’ তিনি বলেন, ‘মোদির এসব সাক্ষাৎকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের মধ্যে সন্দেহ তৈরি করার কূটচাল৷ এই সম্প্রদায়ের লোকজন আমাদের ভোট দেয়৷ অথচ নির্বাচন শুরুর সময় মোদি দাবি করেছিলেন, এনডিএর জন্য অন্য কোনো দলের সমর্থন প্রয়োজন হবে না৷’
বিজেপি নোংরা কৌশল অবলম্বন করছে অভিযোগ করে মায়াবতী বলেন, বিজেপি সব সময় বিএসপিকে ধ্বংস করতে চেয়েছে৷ পিিটআই৷