দক্ষিণ আফ্রিকার সর্বজনশ্রদ্ধেয় নেতা নেলসন ম্যান্ডেলা এখনো ‘বেশ অসুস্থ’ এবং তিনি কথা বলতে পারছেন না। ইশারা-ইঙ্গিতের মাধ্যমে প্রয়োজনীয় বার্তা দিচ্ছেন। ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলা গতকাল রোববার এ কথা জানান। উইনি দ্য সানডে ইনডিপেনডেন্ট পত্রিকাকে জানান, ‘লাইফ সাপোর্ট’-ব্যবস্থা সরিয়ে নেওয়া হলেও ম্যান্ডেলার মুখে নল লাগানো রয়েছে। নলের সাহায্যে তাঁর ফুসফুস থেকে বর্জ্য তরল সরিয়ে নেওয়া হয়। এ কারণে তিনি কথা বলতে পারছেন না। তবে ইশারা-ইঙ্গিত দিয়ে প্রয়োজনীয় বার্তা দিচ্ছেন।
বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত এই নেতার সাবেক স্ত্রী জানান, ম্যান্ডেলা কথা বলতে পারবেন বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকেরা। এএফপি।