
ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী বিয়ে নিয়ে অনেক দিন ধরে জল্পনা-কল্পনা চলছে। এবার তিনি নিজেই বিষয়টি খোলাসা করেছেন। বলেছেন, ‘উপযুক্ত কনে’ পেলেই কেবল বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি।
ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন রাহুল (৪৩)। গতকাল সোমবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে।
কখন বিয়ে করছেন, এমন প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘এই প্রশ্নটি সব সময় ঘুরেফিরে এসেছে। এই মুহূর্তে আমি লোকসভা নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত। দুর্ভাগ্যবশত, আমি ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি ভাবিনি।’
রাহুলকে জিজ্ঞেস করা হয়, এখন থেকে দুই বছর নাকি এক বছরের মধ্যে বিয়ে করবেন? এর জবাবে রাহুল বলেন, ‘যখন উপযুক্ত কনে পাব, তখনই বিয়ে করব।’
এরপর তাঁকে জিজ্ঞেস করা হয়, এর মানে আপনি এখনো উপযুক্ত কোনো পাত্রী পাননি? এর জবাবে রাহুল আবারও বলেন, ‘উপযুক্ত পাত্রী পেলেই বিয়ে করব।’
প্রাণী পোষা রাহুলের শখ। এর বাইরে প্রচুর পড়াশোনা করেন বলেও জানান তিনি। নন-ফিকশন পড়েন খুব, এ ছাড়া ইতিহাস, ভূগোল, রাজনীতিসহ তাঁর কাজের সঙ্গে সম্পৃক্ত বিষয়ে বিশেষ করে মধ্যপ্রাচ্য, আফগানিস্তান, পাকিস্তান ও চীন সম্পর্কে পড়াশোনা করেন। তবে তাঁর বোন প্রিয়াঙ্কার মতো এত হিন্দি ছবি দেখেন না। হলিউডের মূল ধারার ছবি দেখে প্রায়ই হতাশ হন।
বিশেষ কোনো নায়ক কিংবা নায়িকা রাহুলের পছন্দ নয়। ভালো অভিনয়কে মূল্যায়ন করেন তিনি। পিটিআই।