ইতিহাসের এই দিনে: উড়োজাহাজে যাত্রীদের খাবার দেওয়ার রীতি চালু

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১১ অক্টোবর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

উড়োজাহাজে যাত্রীদের জন্য খাবার দেওয়ার রীতি চালু হয় ১৯১৯ সালে
প্রতীকী ছবি: রয়টার্স

উড়োজাহাজে ভ্রমণের সময় যাত্রীদের খাবার দেওয়া হয়। তবে একসময় এই রীতি ছিল না। ১৯১৯ সালের ১১ অক্টোবর প্রথমবারের মতো উড়োজাহাজে ভ্রমণে খাবার দেওয়ার রীতি চালু হয়। যুক্তরাজ্যের লন্ডন থেকে ফ্রান্সের প্যারিসগামী একটি বাণিজ্যিক উড়োজাহাজে যাত্রীদের জন্য প্রথমবারের মতো খাবারের আয়োজন রাখা হয়েছিল। দেওয়া হয়েছিল ফল ও স্যান্ডুইচ।

মহাকাশে হাঁটেন মার্কিন নারী

সময়টা ১৯৮৪ সালের ১১ অক্টোবর। প্রথম মার্কিন নারী হিসেবে মহাকাশে হাঁটেন ক্যাথেরিন সুলিভান। নভোচারী ক্যাথেরিন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার হয়ে চ্যালেঞ্জার শাটলে মহাকাশে গিয়েছিলেন।

পেটেন্ট পায় কাইট সার্ফিং

বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় খেলা কাইট-সার্ফিং

জলের ওপর সার্ফিং করছেন, সেই সঙ্গে একটি প্যারাস্যুট সার্ফারকে টেনে নিয়ে যাচ্ছে—এটাই কাইট সার্ফিং। বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় খেলা এটি। ১৯৭৭ সালের এই দিনে পেটেন্ট পায় কাইট সার্ফিং। পেটেন্ট নেন নেদারল্যান্ডসের গিজবার্তুস আদ্রিয়ানুস। তিনি একজন উদ্ভাবক ও সার্ফার।

অ্যাথলেট কৃষ্ণা পুনিয়ার কৃতিত্ব

ভারতীয় অ্যাথলেট কৃষ্ণা পুনিয়া। ২০১০ সালে দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ডিসকাস থ্রোয়িং ইভেন্টে সোনা জেতেন কৃষ্ণা। এর মধ্য দিয়ে ইতিহাস গড়েন তিনি। এ ধরনের খেলায় সোনা জয় করা প্রথম ভারতীয় নারী অ্যাথলেট কৃষ্ণা। এ ছাড়া মিলখা সিংয়ের পর অ্যাথলেটিকসে সোনা জেতা প্রথম ভারতীয় তিনি। মিলখা ১৯৫৮ সালে কার্ডিফ কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন।