
গত বছরের জুন মাসের ঘটনা। ইউক্রেনে তখন রুশ বাহিনীর অবিরত হামলা চলছে। সে সময় দেশটিতে যান হলিউড অভিনেতা বেন স্টিলার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে বলেন, ‘আপনিই আমার নায়ক।’
ইউক্রেনের রাজধানী কিয়েভ যাওয়ার জন্য কম পথ পাড়ি দিতে হয়নি বেন স্টিলারকে। পোল্যান্ড থেকে সারা রাত ভ্রমণ করে সেখানে পৌঁছান তিনি। চাইলেও বাণিজ্যিক বা ব্যক্তিগত উড়োজাহাজে যাওয়ার সুযোগ পাননি। কারণ, নিরাপত্তা বিবেচনায় ইউক্রেনের আকাশসীমায় চলাচল ছিল ঝুঁকিপূর্ণ।
ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর স্টিলারের মতো বিনোদনজগতের আরও অনেক তারকা জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে কিয়েভে গিয়েছেন। জেলেনস্কি নিজেও একজন সাবেক কৌতুক অভিনেতা।
স্টিলারের আগে ইউক্রেন সফর করেন হলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা শন পেন। তবে একবার নয়, ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত তিনবার কিয়েভ গেছেন তিনি। এখানেই শেষ নয়। ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করছেন। আর এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তথ্যচিত্রটির প্রধান চরিত্র জেলেনস্কি।
একাধিকবার অস্কার জিতেছেন অভিনেতা পেন। শেষবার যখন ইউক্রেন সফরে যান, তখন জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এ সময় নিজের পাওয়া অস্কারের একটি পদক ইউক্রেনের প্রেসিডেন্টকে দেন তিনি। পুরস্কারটি দিয়ে জেলেনস্কিকে তিনি বলেছিলেন, এ যুদ্ধে ইউক্রেন জয়ী না হওয়া পর্যন্ত এটা তাঁর কাছেই থাকবে। এ ঘটনার মধ্য দিয়ে বোঝা যায়, পেনের এই বিশ্বাস দৃঢ় যে যুদ্ধে একদিন না একদিন জেলেনস্কি ও তাঁর দেশ ইউক্রেন জিতবে।
ইউক্রেনে গিয়ে আরও যাঁরা জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন, তাঁদের মধ্যে আছেন বেয়ার গ্রিলস, ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন, মার্কিন অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন, ইউ২–এর বোনো, টেলিভিশন উপস্থাপক লেটারম্যান, স্প্যানিশ–আমেরিকান জনপ্রিয় রন্ধন বিশেষজ্ঞ হোসে আন্দ্রেস ও ইতিহাসবিদ টিমোথি স্নাইডার।
অ্যাঞ্জেলিনা জোলির মতো তারকাও ইউক্রেন সফর করেছেন। দেশটির সেনা ও শরণার্থীদের সঙ্গে দেখা করেছেন। ইউক্রেনে গিয়েছেন আশির দশকের জনপ্রিয় অ্যাকশন তারকা জ্যঁ-ক্লদ ভ্যান ডেম। ভ্যান ডেম দুই বছর আগে নেটফ্লিক্সের কাজের শুটিং করতে কিয়েভ গিয়েছিলেন। গত ডিসেম্বরে তিনি একটি ভিডিও পোস্ট করেন। ভিডিও চিত্রে ইউক্রেনীয় সেনাদের দেখা যায়। তাঁদের উদ্বুদ্ধ করে ভ্যান ডেমকে বলতে শোনা যায়, ‘এ গৌরব ইউক্রেনের, এ গৌরব বীরদের।’
এদিকে এমন অনেক তারকা আছেন, যাঁরা এখনো ইউক্রেনে যাননি ঠিকই, কিন্তু ইউক্রেন যুদ্ধের জন্য নিজেদের অবস্থান থেকে নানাভাবে তহবিল সংগ্রহ করার চেষ্টা করছেন। ইউক্রেনীয় বংশোদ্ভূত মার্কিন তারকা মিলা কুনিস এবং তাঁর স্বামী ও জেলেনস্কির বন্ধু অ্যাস্থন কুচার এখন পর্যন্ত ৩০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছেন।
যুদ্ধের জন্য তহবিল সংগ্রহে জেলেনস্কি ইউনাইটেডটুয়েন্টিফোর নামে একটি প্ল্যাটফর্ম খুলেছেন। এই তহবিল সংগ্রহের জন্য স্বেচ্ছায় সবচেয়ে বেশি যে ব্যক্তিটি কাজ করেছেন, তিনি হলেন স্টার ওয়্যার খ্যাত তারকা মার্ক হামিল। ইউক্রেনে বিমান হামলার আগে সতর্কসংকেত দেওয়ার অ্যাপে যাঁর কণ্ঠ শোনা যায় তিনিই মার্ক।
বিভিন্ন দেশ, প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তির সঙ্গে জেলেনস্কির যোগাযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনের যুদ্ধ নিয়ে গণমাধ্যম সরব হলেও একটা সময় সেটা কমে যায়। সে সময় হলিউড তারকাদের সঙ্গে যোগাযোগে কাজটি করেন জেলেনস্কি। হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নিক্কি ফ্লাওয়ার জেলেনস্কি সম্পর্কে বলেছেন, ‘জেলেনস্কি স্বভাবগতভাবে ভালো বক্তা। এটাই তাঁকে হলিউড তারকাদের সঙ্গে যোগাযোগে সাহায্য করেছে।’
নিক্কি ফ্লাওয়ারের মতে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি হলিউড তারকাদের এমন সম্মানের কারণ তাঁরা জেলেনস্কিকে সত্যিকারের নায়ক বলে মনে করেন। ফ্লাওয়ার বলেন, ‘যখন আপনি সত্যিকার নায়কের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন, যা সিনেমায় দেখা যায় না, তখন কে না তাঁকে এভাবে সাহায্য করতে চাইবে?’
গত বছরের কান চলচ্চিত্র উৎসবে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন জেলেনস্কি। তাঁর বক্তব্য শুনে পৃথিবীর অন্যতম প্রাচীন আর প্রভাবশালী এই চলচ্চিত্র উৎসবে আগত অতিথিরা দাঁড়িয়ে সম্মান জানান। এ ছাড়া টাইম সাময়িকী, পলিটিকো ও ফিন্যান্সিয়াল টাইমস তাঁকে ‘বর্ষসেরা ব্যক্তি’ তকমা দিয়েছে।
হলিউড নিয়ে কাজ করেন মার্কিন সাংবাদিক ইতান ভ্লেসিং। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যম ও ভিডিও বার্তার মাধ্যম ২৪ ঘণ্টা নানা নির্দেশ দেওয়ার সক্ষমতা জেলেনস্কিকে অনেক খ্যাতি ও সম্মান এনে দিয়েছে। এ দেখে মুগ্ধ হয়েছেন বলিউড তারকারা।’