মিসরে যাত্রীবাহী বাসের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষ, নিহত ৩২

কায়রো-আলেকজান্দ্রিয়া সড়কে একটি যাত্রীবাহী বাস এবং কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়
ছবি: এএফপি

মিসরে কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৩ জন। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। গতকাল শনিবার সকালে রাজধানী কায়রো থেকে ১৩১ কিলোমিটার উত্তরে কায়রো-আলেকজান্দ্রিয়া সড়কের বেহেইরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিসরের রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদনে বলা হয়, একটি যাত্রীবাহী বাস এবং কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। বেশির ভাগেরই মৃত্যু হয়েছে আগুনে পুড়ে।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে হতাহতদের উদ্ধার করতে দ্রুত ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার বলেছেন, আহতদের ওয়াদি আল-নাতরুনের একটি হাসপাতালে পাঠানো হয়েছে, অন্যদের আল-নুবারিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।

মিসরে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। নাজুক সড়ক এবং হাইওয়ে সংকেত অমান্যের প্রবণতার কারণে মিসরে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যায়।