ক্লিওপেট্রার সমাধিতে যেতে সুড়ঙ্গপথের সন্ধান

মিসরে পাথর কেটে তৈরি করা হয়েছিল প্রাচীন এ সুড়ঙ্গ। ছবি: টুইটার থেকে

মিসরে পাথর কেটে তৈরি করা হয়েছিল প্রাচীন এ সুড়ঙ্গ। ছবি: টুইটার থেকে

মিসরের প্রত্নতাত্ত্বিকেরা প্রাচীন তাপোসিরিস ম্যাগনা মন্দিরের নিচে একটি সুড়ঙ্গ আবিষ্কার করেছেন। তাঁদের দাবি, ওই সুড়ঙ্গ ধরে মিসরের শেষ ফারাও রানি ক্লিওপেট্রার হারিয়ে যাওয়া সমাধিতে যাওয়া যায়। যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়, যে সুড়ঙ্গটি খুঁজে পাওয়া গেছে, সেটি ছয় ফুট উঁচু ও প্রায় এক মাইল দীর্ঘ। প্রত্নতাত্ত্বিকেরাকে একে ‘অলৌকিক জ্যামিতিক’ নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন।

ডমিনিকান রিপাবলিকের সান ডমিঙ্গো বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক ক্যাথলিন মার্টিনেজ বলেন, রানি ক্লিওপেট্রা ও তাঁর প্রেমিক মার্ক অ্যান্থনির সমাধি রয়েছে ওই মন্দিরের নিচে। এটি প্রাচীন মিসরের রাজধানী আলেকজান্দ্রার কাছে অবস্থিত।

ক্যাথলিন দাবি করেন, তাঁর তত্ত্ব অনুযায়ী, অ্যান্থনি ও ক্লিওপেট্রার সমাধির বিষয়টি যদি সত্যি হয়, তবে এটি হবে ২১ শতকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার। ক্লিওপেট্রার ঐতিহাসিক চরিত্র নিয়ে গবেষণা চালানোর পর তিনি মিসরে আসেন। এরপর ক্লিওপেট্রার সমাধি খুঁজে বের করার কাজ শুরু করেন। প্রাচীন তাপোসিরিস ম্যাগনা মন্দির এলাকায় তিন মাস গবেষণা চালানোর পর তিনি ক্লিওপেট্রার সমাধি খুঁজে পান।

লাইভ সায়েন্স নামের একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রানি ক্লিওপেট্রা ছিলেন টলেমি শাসকদের শেষ দিকের একজন। টলেমিরা ৩০০ বছরের বেশি মিসর শাসন করেছিল। রানি ক্লিওপেট্রা মিসর, সাইপ্রাস, আধুনিক লিবিয়ার কিছু অংশ ও মধ্যপ্রাচ্যের কিছু এলাকা শাসন করেছিলেন।