আশরাফ গনি আসলে কোথায়

আশরাফ গনি
ফাইল ছবি: রয়টার্স

তালেবান যোদ্ধারা কাবুলে ঢুকে পড়ার দিন রোববার দেশ ত্যাগ করেছিলেন প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি কোথায় আশ্রয় নিয়েছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সেদিন ধারণা করা হচ্ছিল, তিনি প্রতিবেশী দেশ উজবেকিস্তান বা তাজিকিস্তানে যাবেন। আবার অন্যান্য খবরে বলা হয়, তিনি  ওমানে গিয়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, তিনি যুক্তরাষ্ট্রে যাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে আজ বুধবার অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, আশরাফ গনি দুবাইয়ে আছেন বলে জানা গেছে।

২০১৪ সাল থেকে ক্ষমতায় থাকা আশরাফ গনির এভাবে দেশ ছেড়ে যাওয়া নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এমনকি সরকারে থাকা মন্ত্রীদের অনেকেও এভাবে পালিয়ে যাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আশরাফ গনি বলেছিলেন, রক্তপাত এড়াতে দেশ ত্যাগ করেছেন তিনি। তবে তিনি এখন কোথায় আছেন, তা উল্লেখ করেননি আশরাফ গনি।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগের সময় চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভরে নগদ অর্থ নিয়ে গেছেন বলে খবর বেরিয়েছে।

গত সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলে রাশিয়া দূতাবাসের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ এই খবর প্রকাশ করেছে। তাদের তথ্যমতে, হেলিকপ্টারে জায়গা না হওয়ায় কিছু নগদ অর্থ ফেলে যেতে বাধ্য হন আশরাফ গনি।