নারী গৃহকর্মীদের সুরক্ষায় প্রথমবারের মতো একটি আইনের খসড়া অনুমোদন করেছে কাতার। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কাতার নিউজ এজেন্সি গত বুধবার জানিয়েছে, মন্ত্রিসভা খসড়াটিকে আইনে পরিণত করতে সম্মতি দিয়েছে।
আয়া, গাড়িচালক ও বাগানের মালি হিসেবে গৃহকর্মীদের সপ্তাহে কত ঘণ্টা কাজ করতে হবে, তা এ আইন নির্দিষ্ট করে দেবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া গৃহকর্মীরা বছরে কয় দিন ছুটি পাবেন ও কীভাবে তাঁদের বেতন দেওয়া হবে, সেটিও নির্দিষ্ট করে দেওয়া হবে আইনে।
কাতার নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, এ আইন গৃহকর্মী ও তাঁদের চাকরিদাতাদের ক্ষেত্রে প্রয়োগ করা হবে। এর ভিত্তিতে তাঁদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশিত হবে এবং গৃহকর্মীদের দায়িত্ব ও অধিকার নির্দিষ্ট করে দেওয়া হবে।
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২০১৪ সালের প্রতিবেদনে দাবি করেছিল, কাতারে প্রায় ৮৪ হাজার অভিবাসী নারী গৃহকর্মী হিসেবে কাজ করছেন। তাঁদের অধিকাংশই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে কাতারে এসেছেন। ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছিল, এসব গৃহকর্মীকে দেশটিতে ‘শ্রম দিতে বাধ্য করা হচ্ছে’ এবং অনেকেই ‘শারীরিক ও যৌন সহিংসতার শিকার’।
২০২২ সালের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক দেশ কাতার মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে এ ক্ষেত্রে বেশ কয়েকটি সংস্কারের ঘোষণা দিয়েছে। বিশেষ করে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নির্মিত স্টেডিয়ামে কাজ করা শ্রমিকদের অধিকার রক্ষায় আইনি সংস্কার করার কথা বলা হয়েছে।
খসড়া আইন অনুমোদিত হওয়াকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। বৈশ্বিক ইস্যু বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উপ–পরিচালক জেমস লিঞ্চ এক টুইট বার্তায় বলেছেন, খসড়া আইনের বিস্তারিত দেখার অপেক্ষায় আছেন তিনি।