নাশিদের ওপর হামলা, প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান স্পিকার মোহাম্মদ নাশিদের (৫৩) ওপর বোমা হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আধুহাম আহমেদ রশিদ (২৫) নামের ওই যুবককে রোববার গ্রেপ্তার করা হয়।

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ।
ছবি: এএফপি

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে ওই ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করল মালদ্বীপের পুলিশ। এর আগে দুজনকে গ্রেপ্তার করা হয় শনিবার। তাঁরা হলেন, মুয়াজ আহমেদ (২১) ও তাহমিন আহমেদ (৩২)। পুলিশ বলছে, ধর্মীয় উগ্রবাদীরা নাশিদের ওপর ওই হামলা চালিয়েছিল।

মালদ্বীপের পুলিশ এক টুইট বার্তায় প্রধান সন্দেহভাজনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। তারা বলছে, সিসিটিভি ফুটেজে ওই বোমা বিস্ফোরণের আগ মুহূর্তে গলির মধ্যে যে যুবককে অপেক্ষা করতে দেখা গিয়েছিল গ্রেপ্তার যুবক সে-ই।

এদিকে পরিবার জানিয়েছে, শনিবার থেকে নাশিদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ইতিমধ্যে তাঁর জ্ঞান ফিরেছে এবং লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী মালেতে নাশিদ নিজের ঘর থেকে বেরিয়ে যখন গাড়িতে উঠছিলেন, সে সময় মোটরসাইকেলে লাগানো কোনো ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়।

ওই হামলার গুরুতর আহত নাশিদকে দ্রুত দেশটির এডিকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর ফুসফুস ও যকৃৎ থেকে শার্পনেল বের করতে ১৬ ঘণ্টা ধরে বেশ কয়েকটি অস্ত্রোপচারের প্রয়োজন হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল।

ক্ষমতাসীন দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির নেতা নাশিদ ২০০৮ সালে মালদ্বীপে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট ছিলেন। এর চার বছরের মাথায় তিনি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। ধর্মীয় চরমপন্থার কড়া সমালোচক ছিলেন তিনি। বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন নাশিদ। বর্তমানে তিনি পার্লামেন্টের স্পিকারের দায়িত্বে আছেন—যা সংসদীয় ক্ষমতা কাঠামোর বিচারে দ্বিতীয় সর্বোচ্চ পদ।