মিসরে ব্রাদারহুড নেতার যাবজ্জীবন

মুসলিম ব্রাদারহুডের শীর্ষ পর্যায়ের নেতা মোহাম্মেদ বদিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মিসরের একটি আদালত। তিনি ছাড়াও একই মামলায় আরও ৩৫ ব্যক্তিকে একই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার এ রায় ঘোষণা করা হয়।
বিচার বিভাগীয় এক কর্মকর্তা বলেছেন, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের পর সুয়েজ খালের তীরবর্তী ইসমাইলিয়া শহরে সহিংসতায় তিনজনের মৃত্যুর ঘটনায় করা মামলায় তাঁদের এ দণ্ড দেওয়া হয়েছে। এর আগে আরও কয়েকটি মামলায় মৃত্যুদণ্ড ও বিভিন্ন মেয়াদে সাজার আদেশ পেয়েছেন মোহাম্মেদ বদি।
এই মামলায় আদালত গতকাল আরও ৪৮ জনকে তিন থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডাদেশ দিয়েছেন।