
ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আবার কথা বললেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। চীনের প্রেসিডেন্ট পুতিনকে আশ্বস্ত করেছেন, সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে তিনি মস্কোকে সমর্থন অব্যাহত রাখবেন। বুধবার পুতিনের সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন সি। চীনের রাষ্ট্রীয় সংবাদ এ খবর প্রকাশ করেছে।
বুধবার ছিল চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ৬৯তম জন্মদিন। এ দিনেই পুতিন তাঁকে ফোন দিয়ে শুভেচ্ছা জানান।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদেন বলা হয়েছে, মূল স্বার্থ এবং সার্বভৌমত্ব ও নিরাপত্তার মতো প্রধান উদ্বেগের বিষয়ে রাশিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখতে ইচ্ছুক চীন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর ক্ষমতাধর দুই দেশ রাশিয়া ও চীনের প্রেসিডেন্টদের মধ্যে এটি দ্বিতীয় টেলিফোন আলোচনা। ইউক্রেনে রুশ হামলার ঘটনায় অনেক দেশ নিন্দা জানালেও চীনের পক্ষ থেকে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর বদলে বেইজিংয়ের বিরুদ্ধে রাশিয়াকে কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখার অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর নজিরবিহীন নিষেধাজ্ঞাকে অনুচিত বলেও উল্লেখ করেছে বেইজিং। ইউক্রেন যুদ্ধের প্রশ্নে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে আনা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়ে মস্কোর পাশে থেকেছে বেইজিং।
সিসিটিভি জানায়, বৈশ্বিক অস্থিরতা ও কাঠামো পরিবর্তনের মুখে বছরের শুরু থেকে রাশিয়া ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের ভালো অগ্রগতির প্রশংসা করেছেন সি। তিনি বলেছেন, বেইজিং দুই দেশের মধ্যে কৌশলগত সমন্বয় জোরদার করতে ইচ্ছুক।
চীন আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে প্রস্তুত এবং আন্তর্জাতিক শৃঙ্খলা ও বৈশ্বিক শাসনব্যবস্থাকে আরও ন্যায় এবং যুক্তিসংগত উন্নয়নের দিকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে চায়।
ইউক্রেনে হামলার আগে কয়েক দিন আগে বেইজিং শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পুতিন। সে সময় দুই দেশের সম্পর্ককে ‘সীমাহীন’ বলে উল্লেখ করেন চীনের প্রেসিডেন্ট।
ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এর আগে হুঁশিয়ারি দিয়ে বলে, ইউক্রেন–রাশিয়া যুদ্ধে বেইজিংয়ের যেকোনো সমর্থন বা পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে মস্কোকে সহায়তা করলে চীনের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।
ইউক্রেনে রুশ বাহিনীর হামলা নিয়ে যেসব দেশ মস্কোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বা এ ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছে, তার মধ্যে চীন ও ভারতের মতো দুটি বৃহৎ অর্থনীতির দেশ নেই। চীনের কর্মকর্তারা মনে করেন, ইউক্রেন প্রশ্নে ইউরোপীয়রা ওয়াশিংটনের উদ্যোগকে সমর্থন করে নিজেদের ক্ষতি করেছে। রাশিয়ার গ্যাস গ্রাহক হিসেবে তাদের স্বার্থের বিপরীতে পদক্ষেপ নিয়েছে।
একসময় স্নায়ুযুদ্ধে লিপ্ত ছিল চীন ও রাশিয়া। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বে মার্কিন আধিপত্য মোকাবিলায় শত্রুতা দূরে রেখে পারস্পরিক সহযোগিতা বাড়িয়েছে দেশ দুটি। রাজনৈতিক, বাণিজ্য এবং সামরিক ক্ষেত্রে ঘনিষ্ঠ হয়েছে তারা। প্রথমবারের মতো চীন ও রাশিয়াকে যুক্ত করতে সড়ক সেতুর উদ্বোধন করা হয়েছে গত সপ্তাহে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে পুতিনকে ‘পুরোনো বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন সি।
বাণিজ্যের দিক বিবেচনাতেও দুই দেশ এখন বৃহৎ বাণিজ্য অংশীদার। চীনের তথ্য অনুযায়ী, রাশিয়ার সঙ্গে গত বছর তাদের বাণিজ্য ১৪৭ বিলিয়ন মার্কিন ডলার ছুঁয়েছে যা ২০১৯ সালের তুলনায় ৩০ শতাংশ বেশি।