
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে লেবার পার্টির টানা ১২ বছরের শাসনের অবসান ঘটেছে। স্থানীয় সময় আজ শনিবার অনুষ্ঠিত রাজ্য নির্বাচনে বড় জয় পেয়েছে রক্ষণশীল লিবারেল–ন্যাশনাল জোট। এর ফলে রাজ্যের ৫১তম মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন জোট নেত্রী জেস উইলসন (৩৬)। ভিক্টোরিয়ার ইতিহাসে তিনিই প্রথম নারী, যিনি নির্বাচনে দলকে জয়ী করে মুখ্যমন্ত্রী হচ্ছেন।
ভোট গ্রহণ শেষ হওয়ার দুই ঘণ্টার মধ্যে অস্ট্রেলিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম এবিসি লিবারেল–ন্যাশনাল জোটের জয় নিশ্চিত হওয়ার পূর্বাভাস দেয়। রাত সাড়ে আটটার পর পরাজয় মেনে নিয়ে উইলসনকে অভিনন্দন জানান বিদায়ী মুখ্যমন্ত্রী বেন ক্যারল।
এ নির্বাচনে শুধু ক্ষমতাই হারাননি ক্যারল, নিজের নিডরি আসনেও পরাজিত হয়েছেন। লিবারেল প্রার্থী সামান্থা বাইর্নের কাছে হেরেছেন তিনি। আসনটি ১৪ বছর ধরে তাঁর দখলে ছিল। ভিক্টোরিয়ার ইতিহাসে ক্ষমতাসীন কোনো মুখ্যমন্ত্রীর নিজের আসনে পরাজিত হওয়ার ঘটনা এটাই প্রথম।
পরাজয়ের পর সমর্থকদের উদ্দেশে ক্যারল বলেন, গণতন্ত্র একই সঙ্গে ‘সুন্দর ও নিষ্ঠুর’। ভিক্টোরিয়ার মানুষ পরিবর্তন চেয়েছেন।
মাত্র চার মাস আগে জাসিন্টা অ্যালানকে সরিয়ে ক্যারলকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। কিন্তু তাতেও লেবার পার্টির পরাজয় ঠেকানো যায়নি।
লেবারের ভরাডুবি, ওয়ান নেশনের উত্থান
স্থানীয় সময় আজ রাত সোয়া ১১টা পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট গণনার ভিত্তিতে পাওয়া হিসাবে, ভিক্টোরিয়ার ৮৮ আসনের নিম্নকক্ষে লিবারেল–ন্যাশনাল জোট ৫১টি আসনে জয়ী হয়েছে কিংবা সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ৪৫টি আসন।
আগের নির্বাচনে ৫৬টি আসন পাওয়া লেবার পার্টি এবার বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। প্রাথমিক হিসাবে দলটি মাত্র পাঁচটি আসনে জয়ী হয়েছে কিংবা এগিয়ে রয়েছে। গ্রিনস পার্টি সাতটি এবং ওয়ান নেশন ও স্বতন্ত্র প্রার্থীরা একটি করে আসনে এগিয়ে রয়েছেন।
প্রথম পছন্দের ভোটেও বড় পরিবর্তন এসেছে। লিবারেল–ন্যাশনাল জোট পেয়েছে প্রায় ৩৪ শতাংশ ভোট। অন্যদিকে কট্টর ডানপন্থী ওয়ান নেশন পেয়েছে প্রায় ২১ শতাংশ। অর্থাৎ প্রতি পাঁচজন ভোটারের একজন দলটিকে প্রথম পছন্দের ভোট দিয়েছেন।
বিপরীতে লেবার পার্টির ভোট ২০ শতাংশের নিচে নেমে গেছে। প্রথম পছন্দের ভোটের হিসাবে দলটি ওয়ান নেশনেরও পেছনে পড়েছে।
জেস উইলসনের সামনে যেসব চ্যালেঞ্জ
জয়ের পর সমর্থকদের উদ্দেশে জেস উইলসন ভিক্টোরিয়াকে সঠিক পথে ফিরিয়ে আনতে বছরের পর বছর কঠোর পরিশ্রম করার অঙ্গীকার করেন।
মাত্র এক বছর আগে বিরোধী দলের নেতৃত্বে আসেন তিনি। নির্বাচনী প্রচারে অপরাধ দমন, জামিন আইন কঠোর করা, রাজ্যের ঋণ কমানো ও ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন উইলসন।
এবারের নির্বাচনে লেবারের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিগুলোতেও বড় ধস নেমেছে। সাবেক দুই প্রভাবশালী মুখ্যমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রুজ ও জাসিন্টা অ্যালানের প্রতিনিধিত্ব করা আসনগুলো হাতছাড়া হওয়ার পাশাপাশি পরাজিত হয়েছেন চার মন্ত্রী।
মেলবোর্নের ফুটস্ক্রে আসনেও বড় পরিবর্তন এসেছে। সেখানে লেবার পার্টির ৯৯ বছরের আধিপত্য ভেঙে দিয়েছেন গ্রিনসের প্রার্থী এলেনা পেরেইরা।
বিশ্লেষকদের মতে, লেবারের পরাজয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রাজ্যের ১০ হাজার কোটি অস্ট্রেলীয় ডলারের অবকাঠামো প্রকল্পে নির্মাণশ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ।
এ ছাড়া অভিবাসন ইস্যুতে ভোটারদের অসন্তোষ কাজে লাগিয়েছে ওয়ান নেশন। নির্বাচনে পছন্দক্রমের ভোটে ওয়ান নেশন ও লিবারেলদের পারস্পরিক সমর্থনের কৌশলও লেবারকে বিপাকে ফেলেছে বলে বিশ্লেষকদের ধারণা।
ভিক্টোরিয়ার সাবেক লেবার মুখ্যমন্ত্রী স্টিভ ব্র্যাকস এই ফলকে দলটির ‘অস্তিত্বের সংকট’ বলে মন্তব্য করেছেন।
কেন্দ্রীয় সরকারের জন্যও সতর্কসংকেত
ভিক্টোরিয়ার নির্বাচনে লেবার পার্টির বিপর্যয়ের প্রভাব পড়েছে দেশটির জাতীয় রাজনীতিতেও। রাজধানী ক্যানবেরায় এই ফল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ভিক্টোরিয়ার ভোটের ফল প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের নেতৃত্বাধীন কেন্দ্রীয় লেবার সরকারের জন্য বড় সতর্কসংকেত। দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে সমর্থন হারানোর বিষয়টি দলটির ভবিষ্যৎ নির্বাচনী কৌশলেও প্রভাব ফেলতে পারে।