চীনের শেনজেন শহরে আসন্ন এপেক সম্মেলন উপলক্ষে রুশ চিত্রশিল্পী আলেক্সি সের্গিয়েঙ্কোর আঁকা ‘শেনজেন ২৬’ নামের একটি পপ আর্ট চিত্রকর্ম। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে ফুটিয়ে তোলা হয়েছে। সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া। ১২ নভেম্বর ২০২৬
চীনের শেনজেন শহরে আসন্ন এপেক সম্মেলন উপলক্ষে রুশ চিত্রশিল্পী আলেক্সি সের্গিয়েঙ্কোর আঁকা ‘শেনজেন ২৬’ নামের একটি পপ আর্ট চিত্রকর্ম। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে ফুটিয়ে তোলা হয়েছে। সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া। ১২ নভেম্বর ২০২৬

আল-জাজিরার এক্সপ্লেইনার

এক টেবিলে ট্রাম্প, সি ও পুতিন, বিশ্বরাজনীতির সমীকরণ কি বদলাচ্ছে

চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে।

আগামী ১৮ ও ১৯ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ট্রাম্পের উপস্থিতির বিষয়টিও নিশ্চিত করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠকে পরমাণু অস্ত্রের বিস্তার রোধের বিষয়টি গুরুত্ব পাবে।

তবে বিশ্বজুড়ে বড় ধরনের অস্থিরতার মধ্যে এই বৈঠক হতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা।

যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন মাবন আল-জাজিরাকে বলেন, ‘আমার মনে হয়, আমরা বেশ কিছু চমকপ্রদ ছবি তোলার মুহূর্ত দেখতে পাব। সেই সঙ্গে ট্রাম্পের কাছ থেকে অনেক বড় বড় ও ফাঁকা বুলি শোনা যাবে।’

তবে সাইমন বলেন, এই তিন নেতা ‘সম্মিলিতভাবে বা এককভাবে ইরান কিংবা ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে সক্ষম নন’।

তাহলে এ বৈঠক থেকে প্রতিটি পক্ষ কী চায়? বৈঠকের সম্ভাব্য ফলাফল কী হতে পারে? তাঁদের আলোচনায় কোন কোন বিষয় গুরুত্ব পাবে?

নতুন পরমাণু চুক্তি

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি (নিউ স্টার্ট)। গত ফেব্রুয়ারিতে চুক্তিটির মেয়াদ শেষ হয়েছে।

২০১০ সালে প্রথম এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্রের ভান্ডারের সীমা নির্ধারণ করা হয়েছিল।

বর্তমানে রাশিয়ার কাছে সবচেয়ে বেশি পরমাণু ওয়ারহেড রয়েছে। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র। তৃতীয় অবস্থানে চীন। দেশটি দ্রুত নিজেদের পরমাণু অস্ত্রের ভান্ডার বাড়াচ্ছে।

মেয়াদ শেষ হওয়ার পর চুক্তিটি বাড়ানোর জন্য রাশিয়া প্রস্তাব দিয়েছিল। তবে ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। এর পরিবর্তে তিনি চীনকে অন্তর্ভুক্ত করে একটি ‘নতুন, উন্নত ও আধুনিক’ চুক্তি করার দাবি জানান।

তবে চীন এমন একটি চুক্তিতে যোগ দিতে আগ্রহী নয়, যে চুক্তি তৈরিতে দেশটির কোনো ভূমিকা ছিল না।

ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এই বিষয়টি দিয়েই আলোচনা শুরু হবে। তবে ‘আমরা কোনো ধরনের চুক্তি হওয়ার আশা করছি না’।

এই বৈঠক এমন এক সময়ে হচ্ছে, যখন বিশ্বে বড় ধরনের অস্থিরতা চলছে। এর মধ্যে রয়েছে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ

কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বনেতারা ইরান যুদ্ধ নিয়েও আলোচনা করবেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যুদ্ধ শুরু করে।

আপাতত বড় আকারের হামলা বন্ধ থাকলেও সংঘাতের কোনো সমাধান হয়নি। পরিস্থিতি এখনো অচলাবস্থায় রয়েছে।

১০০ দিনের বেশি সময় পেরিয়ে গেলেও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। সেখানে জাহাজগুলো ইরানের হামলা ও সমুদ্র মাইনের ঝুঁকিতে রয়েছে। এ কারণে তেল ও গ্যাসের দামেও অস্থিরতা চলছে।

যুদ্ধের আগে চীনের অপরিশোধিত তেলের সরবরাহের এক-তৃতীয়াংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো। এই সংঘাতের কারণে চীনের রপ্তানি পণ্যের চাহিদাও কমছে।

অন্যদিকে, জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটের মধ্যে ওয়াশিংটনের সাম্প্রতিক নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত থেকে লাভবান হয়েছে রাশিয়া। বিশেষ করে ডিজেলের ক্ষেত্রে দেশটি সুবিধা পেয়েছে।

শেনজেনে এপেক শীর্ষ সম্মেলনস্থলের কাছে তৈরি একটি প্রদর্শনীর পাশ দিয়ে স্কুটারে চড়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গুয়াংডং, চীন। ২১ অক্টোবর ২০২৬

চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিদ্বন্দ্বিতা

বাণিজ্যযুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য প্রয়োজনীয় মাইক্রোচিপের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিযোগিতা বেইজিং ও ওয়াশিংটনের সম্পর্ককে চাপে ফেলছে।

গত বছর চীনের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করে বড় ধরনের আঘাত হানেন ট্রাম্প। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক বসায় বেইজিং।

যুক্তরাষ্ট্রে উন্নত চিপ ও অন্যান্য প্রযুক্তি তৈরির জন্য প্রয়োজনীয় বিরল খনিজ পদার্থ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে চীন। এতে দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে।

এরপর দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে ট্রাম্প ও সি চিন পিংয়ের বৈঠকের পর দুই দেশ শুল্ক কমিয়েছে এবং কয়েকটি চুক্তি করেছে।

তবে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে সাম্প্রতিক একটি কেলেঙ্কারির পর চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, চীন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ওপর গুপ্তচরবৃত্তি করছিল। বেইজিং এ অভিযোগ অস্বীকার করেছে।

ক্রেমলিনের মতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হলেও কোনো পরাশক্তিই নিজেদের সিদ্ধান্ত জোর করে অন্য দেশের ওপর চাপিয়ে দিতে পারবে না।

ইউক্রেন যুদ্ধ

ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, তিন নেতার বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন–রাশিয়ার যুদ্ধের প্রসঙ্গ তুলবেন না। যদিও ক্রেমলিনের কর্মকর্তারা এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, বৈঠকে এই সংঘাত নিয়ে আলোচনা হতে পারে।

মস্কোর মিত্র চীন বলে আসছে, ইউক্রেন যুদ্ধ একটি ইউরোপীয় বিষয়।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন শান্তি আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার এ সপ্তাহে ইউক্রেন ও রাশিয়া সফর করছেন।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘চীন আসলে ওই আলোচনাপ্রক্রিয়ার অংশ নয়। তাই সেখানে ইউক্রেন নিয়ে কথা বলাটা যথাযথ মনে হয় না।’

যুক্তরাষ্ট্রের আলাস্কার জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনে ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৫ আগস্ট ২০২৫

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধ করতে ‘চান না’। অন্যদিকে, কিয়েভের অভিযোগ, হামলাকারী ড্রোন পরিচালনার জন্য ব্যবহৃত স্টারলিংক স্যাটেলাইট সংযোগ সীমিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

রাশিয়ার তেল স্থাপনাগুলোতে ইউক্রেনের হামলার কারণে ডিজেলের দাম আকাশছোঁয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ট্রাম্প। এ জন্য তিনি ইউক্রেনকে দায়ী করেছেন।

একই সময়ে পুতিনের প্রতি উষ্ণ মনোভাব দেখিয়েছেন ট্রাম্প। রাশিয়ার ডিজেল বিশ্ববাজার ও যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছেন তিনি। মস্কোর ওপর থেকে তেলের নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন।

রাশিয়া যা চায়

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট পুতিনের জন্য এই বৈঠক ইতিবাচকভাবে ছবি তোলার একটি সুযোগ। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ আড়ালে রেখে নিজের ক্ষমতা ও প্রভাব তুলে ধরার মঞ্চও হতে পারে এটি।

মস্কোভিত্তিক সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আলেকজান্ডার ব্রাতেরস্কি আল-জাজিরাকে বলেন, এই বৈঠক পুতিনকে ‘সমানদের মধ্যে প্রথম’ হিসেবে তুলে ধরার সুযোগ দেবে। দেশে ফিরে তিনি এই অবস্থান দেখাতে পারবেন। এর মাধ্যমে তিনি বোঝাতে পারবেন, ইউক্রেন যুদ্ধের পরও ইউরোপের নিরাপত্তাব্যবস্থায় তাঁর প্রভাব রয়েছে।

১৯৪৫ সালের ঐতিহাসিক ইয়াল্টা সম্মেলনের মতো এই বৈঠকেও পরাশক্তিগুলোর মাধ্যমে নতুন এক বিশ্বব্যবস্থা গড়ে ওঠার সম্ভাবনা দেখছেন রাশিয়ার পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান পিওতর তলস্তয়।

চীনের প্রত্যাশা

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ করতে চাপ দিয়ে আসছে চীন। কারণ, এই যুদ্ধ চীনের নিজস্ব জ্বালানি ব্যবস্থায় প্রভাব ফেলেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি (নিউ স্টার্ট) চুক্তিতেও যুক্ত হতে চায় না চীন।

গত মাসে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই পর্যায়ে কথিত ত্রিপক্ষীয় পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় চীনকে যোগ দিতে বলাটা কোনভাবেই ন্যায্য, যুক্তিসংগত বা বাস্তবসম্মত নয়।’

যুক্তরাষ্ট্রের চাওয়া

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মতে, প্রেসিডেন্টের অগ্রাধিকার হলো নতুন একটি পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে চীন ও রাশিয়া—উভয় দেশকে অন্তর্ভুক্ত করা।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি বিশ্বে পরমাণু অস্ত্র কমানোর বিষয়ে আলোচনা করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, এসব অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।’

ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিতে অস্বীকার করেছে তেহরান। ওয়াশিংটনকে যুদ্ধের বিজয়ী হওয়ার সুযোগও দিতে চাইছে না তারা। এমন পরিস্থিতিতে ট্রাম্প তাঁর প্রশাসনের কূটনৈতিক প্রভাব তুলে ধরতেও এই বৈঠক ব্যবহার করতে পারেন।

হোয়াইট হাউসে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিশ্লেষকদের মতে, সি চিন পিং, পুতিনের পাশাপাশি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন ট্রাম্প। এই নেতাদের সবাইকে ‘প্রতাপশালী’ হিসেবে দেখা হয়। তাঁদের সঙ্গে একই পরিসরে থাকায় ট্রাম্পকেও প্রভাবশালী হিসেবে দেখা হতে পারে।

সাইমন মাবন বলেন, ‘আমার মনে হয়, এটি অনেকটা লোকদেখানো হবে। শান্তিদূতের পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প এখানে বৈশ্বিক রাষ্ট্রনায়কের ভূমিকায় অভিনয় করবেন।’

বিশেষজ্ঞদের মতে, গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয় তাঁর দর-কষাকষির ক্ষমতা কমিয়ে দিতে পারে। কারণ, ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন নতুন কংগ্রেস ইউক্রেনকে আরও জোরালোভাবে সমর্থন দিতে পারে।

নতুন বিশ্বব্যবস্থার কি শুরু হতে যাচ্ছে

গ্রেট হল অব দ্য পিপলে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে করমর্দন করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। বেইজিং, চীন। ২০ মে ২০২৬

রাশিয়ার পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান পিওতর তলস্তয় বলেছেন, এই বৈঠক একটি ‘নতুন ইয়াল্টা’র সূচনা করতে পারে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৪৫ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইয়াল্টায় একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্টালিন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল অংশ নেন। তাঁরা জার্মানিকে ভাগ করার সিদ্ধান্ত নেন এবং জাতিসংঘ প্রতিষ্ঠা করেন। সম্মেলনটিকে নতুন বিশ্বব্যবস্থার একটি রূপরেখা হিসেবে দেখা হয়েছিল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের আসন্ন ত্রিপক্ষীয় বৈঠককে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেছেন। তবে তিনি বলেছেন, এই বৈঠকে কোনো চুক্তি হলে তা অন্য দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া যাবে না।