শান রাজ্যের লাশিও শহরের কাছে মিয়ানমারের জান্তাদের বিরুদ্ধে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির অবস্থান
শান রাজ্যের লাশিও শহরের কাছে মিয়ানমারের জান্তাদের বিরুদ্ধে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির অবস্থান

মিয়ানমারে ‘স্বৈরশাসনের’ অবসান ঘটাতে লড়াই চলবে

মিয়ানমারের জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট জানিয়েছে, তারা দেশের ‘স্বৈরশাসনের’ অবসান ঘটাতে লড়াই চালিয়ে যাবে। দেশটির সংঘাতপূর্ণ পরিস্থিতিতে এই জোটের সঙ্গে জান্তা সরকারের বৈঠক হয়েছে, এমনটা জানানোর কয়েক দিন পরই তারা লড়াই চালিয়ে যাওয়ার কথা জানাল।

২০২১ সালে দেশটির নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করার পর কয়েক মাস ধরে জান্তা সরকার কঠিন সময় পার করছে। জাতিগত সংখ্যালঘু তিনটি সশস্ত্র গোষ্ঠী গত অক্টোবর থেকে সমন্বিতভাবে জান্তাবিরোধী হামলা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে তারা বেশ কয়েকটি সামরিক চৌকি ও উত্তরে চীনের সীমান্তবর্তী কয়েকটি শহর এবং পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোর কয়েকটি শহরও দখল করে নিয়েছে।

জোটটি আজ বুধবার বলেছে, মিয়ানমারের জান্তা ও তাদের মধ্যকার শান্তি আলোচনার খবর প্রকাশিত হওয়ার প্রেক্ষাপটে তারা আবারও জানাচ্ছে, স্বৈরশাসনের পরিসমাপ্তি ঘটাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘আমাদের লক্ষ্য অর্জন করতে আরও সময় ও প্রচেষ্টা লাগবে।’

জান্তার মুখপাত্র জ মিন তুন গত সোমবার বলেছিলেন, এই সংঘাতের ‘রাজনৈতিক’ সমাধান খুঁজতে সেনাবাহিনীর প্রতিনিধিদের তিনটি গোষ্ঠীর সঙ্গে বৈঠক হয়েছে। চীনের সহায়তায় এ বৈঠক হয়।

দুই সাংবাদিক গ্রেপ্তার

মিয়ানমারের জান্তা সরকার মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আরও দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে। তারা দক্ষিণাঞ্চলীয় শহর দাবেইয়ের দাবেই ওয়াচ গণমাধ্যমে কাজ করেন। এই গণমাধ্যমই গতকাল এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, ২০২১ সালে অং সান সু চির সরকারকে হটানোর পর থেকে দেশটির সামরিক বাহিনী ভিন্নমত পোষণকারীদের ওপর ব্যাপক নির্যাতন ও ধরপাকড় চালিয়েছে। এখন পর্যন্ত অন্তত ১৭০ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন।

দাবেই ওয়াচ জানিয়েছে, তাদের দুই কর্মীকে নিজেদের বাড়ি থেকে ১১ ডিসেম্বর মধ্যরাতে গ্রেপ্তার করে নিয়ে যায়। প্রতিষ্ঠানটি জানায়, সেনাবাহিনী এই দুই সাংবাদিকের পরিবারকে জানিয়েছে, তাঁদের প্রতিবেদনের কারণেই তাঁরা গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার করতে আসা সেনাসদস্যরা ওই দুই সাংবাদিকের ল্যাপটপ, ফোনও জব্দ করেছেন। তবে তাঁদের কোথায় রাখা হয়েছে, তা তাঁরা জানাননি।

এর আগেও দাবেই ওয়াচের দুই সাংবাদিক ও একজন ওয়েব ডিজাইনারকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় পরে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এরই মধ্যে তাঁদের অল্প কিছুদিন দণ্ড ভোগ করতে হয়েছে।

স্থানীয় পর্যবেক্ষণকারী একটি গ্রুপের তথ্যমতে, ক্ষমতা দখল করার পর থেকে জান্তা সরকার ২৫ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডারসের সর্বশেষ তথ্যমতে, বর্তমানে মিয়ানমারে ৬৭ জন সাংবাদিক ও ১ জন গণমাধ্যমকর্মী গ্রেপ্তার আছেন।