
শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। সিঙ্গাপুর থেকে শ্রীলঙ্কায় ফেরার দুই দিন পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
একটি শিশু হাসপাতালের জন্য তাঁর সঙ্গে সংশ্লিষ্ট একটি দাতব্য সংস্থার সংগ্রহ করা অনুদানের অর্থ অপব্যবহারের অভিযোগে শিরান্থিকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীলঙ্কার দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ গতকাল বুধবার কলম্বোর বাসভবন থেকে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের স্ত্রী ৭৩ বছর বয়সী শিরান্থিকে গ্রেপ্তার করে।
সিরিলিয়া সাভিয়া নামের একটি দাতব্য সংস্থার সংগ্রহ করা এক কোটির বেশি শ্রীলঙ্কান রুপি (৩০ হাজার ৩০০ মার্কিন ডলার) অনুদানের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ অর্থ কলম্বোর লেডি রিজওয়ে শিশু হাসপাতালের জন্য একটি বিশেষায়িত স্ক্যানার কিনতে ব্যয় করার কথা ছিল। যদিও এমন একটি স্ক্যানার চীন সরকার আগে থেকেই অনুদান হিসেবে দিয়েছিল বলে জানান কর্মকর্তারা।
শিরান্থি রাজাপক্ষে কোনো অনিয়মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ওই অর্থ আত্মসাৎ করা হয়নি।
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকা শিরান্থি গত সোমবার শ্রীলঙ্কায় ফেরেন। গ্রেপ্তার হওয়া ঠেকাতে তিনি আদালতে আবেদন করেছিলেন। কিন্তু ওই আবেদনের শুনানির তারিখ আগামী ১২ অক্টোবর নির্ধারণ করা হয়। এ অবস্থায় গতকাল গ্রেপ্তার করা হয় শিরান্থিকে।
সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের মুখপাত্র মনোজ গামাগে বলেছেন, ওই অর্থ দাতব্য সংস্থা সিরিলিয়ার ব্যাংক হিসাবে নিরাপদই আছে এবং কোনো জালিয়াতি হয়নি।
মাহিন্দা রাজাপক্ষে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। বছরের পর বছর তাঁর পরিবার দেশটির রাজনীতিতে শক্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ২০০৯ সালে তামিল টাইগার বিদ্রোহীদের পরাজিত করে প্রায় তিন দশকের গৃহযুদ্ধের অবসান ঘটানোর কারণে অনেকেই তাঁকে নায়ক হিসেবে অভিহিত করেছিলেন।
মাহিন্দা রাজাপক্ষে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। বছরের পর বছর তাঁর পরিবার দেশটির রাজনীতিতে শক্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ২০০৯ সালে তামিল টাইগার বিদ্রোহীদের পরাজিত করে প্রায় তিন দশকের গৃহযুদ্ধের অবসান ঘটানোর কারণে অনেকেই তাঁকে নায়ক হিসেবে অভিহিত করেছিলেন।
ওই অর্থ দাতব্য সংস্থা সিরিলিয়ার ব্যাংক হিসাবে নিরাপদই আছে এবং কোনো জালিয়াতি হয়নি।—মনোজ গামাগে, সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের মুখপাত্র
কিন্তু ২০২২ সালে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার পাশাপাশি শ্রীলঙ্কায় জ্বালানি, খাদ্য ও ওষুধের সংকট দেখা দিলে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। সে সময় প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মাহিন্দার ভাই গোতাবায়া রাজাপক্ষেও শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হন।