বুকে ছুরিকাঘাত ও জিভ কেটে নেওয়া হয় ৩ শিক্ষার্থীর

২০২১ সালের ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে জান্তা সরকার দেশটির বিরোধীদের ওপর প্রাণঘাতী সহিংসতা চালিয়ে যাচ্ছে
ফাইল ছবি : এএফপি

মিয়ানমারের উত্তর-পশ্চিমে সেনাবাহিনীর এক অভিযানে অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে শিক্ষার্থীদের একটি ইউনিয়ন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর থেকে জান্তা সরকার দেশটির বিরোধীদের ওপর প্রাণঘাতী সহিংসতা চালিয়ে যাচ্ছে। অবশ্য তারাও প্রতিরোধের মুখে পড়ছে। অভ্যুত্থানবিরোধী পিপলস ডিফেন্স ফোর্স মিলিশিয়া এবং দীর্ঘদিন ধরে লড়াইরত নৃতাত্ত্বিক বিদ্রোহীদের প্রতিরোধের মুখে পড়ছে জান্তা।

দ্য অল বার্মা ফেডারেশন অব স্টুডেন্ট ইউনিয়নস ফেসবুকে দেওয়া এক পোস্টে জানায়, সাগাইং অঞ্চলের বুদালিন শহরতলিতে একটি দপ্তরে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীদের হত্যা করা হয়। কয়েক মাস ধরে এই অঞ্চলে জান্তাবিরোধী ব্যাপক লড়াই চলছে।

ছাত্র সংগঠনটি গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে। সেখানে দেখা যায়, ছাত্রনেতারা ব্যানার ও পতাকা হাতে জান্তাদের প্রতিবাদ করছেন।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিহত তিন শিক্ষার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তাঁদের বুকে ছুরিকাঘাত করা হয়েছে। জিভ কেটে নেওয়া হয়েছে। এ ছাড়া অভিযানের সময় অন্তত পাঁচটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় একটি পর্যবেক্ষক গ্রুপের তথ্য অনুযায়ী, অভ্যুত্থানের পর থেকে ভিন্নমত দমনে জান্তার অভিযানে ৩ হাজার ৮০০ শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন।