
নারী সহকর্মীকে যৌন নিপীড়নের ঘটনায় জাপানের সাবেক তিন সেনাকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। জাপানের পুরুষতান্ত্রিক সমাজে নারীর যৌন নিপীড়ন নিয়ে এমন প্রকাশ্য আলোচনা একরকম নিষিদ্ধ। এ মামলা সেই রেওয়াজকে ভেঙেছে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দেশটির ফুকুশিমা ডিস্ট্রিক্ট আদালত সাবেক তিন সেনাকে দুই বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—সুতারো শিবুয়া, আকিতো শেকিনে ও ইউশুকে কিমেনজাওয়া।
এ তিনজনের বিরুদ্ধে ২০২১ সালে যৌন নিপীড়ন করার অভিযোগ আনেন সাবেক সেনাসদস্য রিনা গোনোই। রিনার বয়স ২৪ বছর। ২০২২ সালে ইউটিউবে আপলোড করা এক ভিডিওতে তিনি নিজের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের বর্ণনা দেন। এ ভিডিও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। জাপানে ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে রিনার এ ভিডিও ব্যাপক সাড়া ফেলে।
ভাইরাল হওয়া ভিডিও দেখে রিনার পক্ষে ন্যায়বিচার চেয়ে এক লাখের বেশি মানুষ পিটিশনে সই করেন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে ঘটনাটি স্বীকার করে নিতে বাধ্য হয় জাপানের প্রতিরক্ষা মন্ত্রনালয়। আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া হয়। শুরু হয় সামরিক বাহিনীর অভ্যন্তরীণ তদন্ত। বরখাস্ত করা হয় অভিযুক্ত সেনাদের।
গতকাল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন গোনোই। পরে সাংবাদিকদের তিনি বলেন, অভিযোগ প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেওয়া জাপানের রক্ষণশীল সমাজে বেশ কঠিন ও বিরল ছিল। তবে তিনি এ বিষয়ে সাহসী ও মরিয়া ছিলেন।
গোনোই জানান, তিনি ২০২০ সালে জাপানের সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। এর পর থেকে নিয়মিত নিপীড়নের শিকার হতে হয় তাঁকে। তিনি বলেন, ‘হলরুমে হেঁটে চলার সময় আমার পেছনে চড় মারা হতো। পেছন থেকে টেনে ধরা হতো। শুধু তাই নয়, আমার গালে চুমু দিত।’
এরপর ২০২১ সালে একটি মহড়া চলার সময় সাজাপ্রাপ্ত তিন সেনা তাঁকে মাটিতে ফেলে চেপে ধরেন।
ওই সময় তাঁর দুই পা দুই দিকে টেনে ধরা হয়। তখন অনেকেই তা দেখে হেসেছিলেন। ওই ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ জানান গোনোই। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগের বিচার না পেয়ে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন গোনোই। তবে গোনোইয়ের এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সেনারা।
তত দিনে গোনোই বিশ্বে আলোচিত একজন ব্যক্তিতে পরিণত হয়েছেন। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন তাদের উদীয়মান ১০০ বিশ্ব নেতৃত্বের তালিকায় যুক্ত করে গোনোইয়ের নাম। এ ছাড়া বিবিসির করা বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় নাম ওঠে তাঁর।
এমন একসময় গোনোইয়ের এই নিপীড়নের ঘটনা সামনে এসেছে, যখন সেনাবাহিনীতে নারীর সংখ্যা বাড়াতে কাজ করছে জাপান। কেননা, চীন ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির বিপরীতে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টায় রয়েছে দেশটি।