বন্যায় বাঘলান প্রদেশের অনেক এলাকা তলিয়ে গেছে। রাস্তাঘাট কাদায় ভরে গেছে। উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন লোকজন
বন্যায় বাঘলান প্রদেশের অনেক এলাকা তলিয়ে গেছে। রাস্তাঘাট কাদায় ভরে গেছে। উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন লোকজন

বন্যা

১০০ মিটার দূরে, বাঁচানো গেল না স্ত্রী–সন্তান ও নাতি–নাতনিদের

আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশের বাসিন্দা নুর মোহাম্মদ। ১০ মে যখন ধেয়ে আসা বন্যার পানির গর্জন শুনছিলেন, তখন নিজের বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে ছিলেন ৭৫ বছর বয়সী এই আফগান।

দৌড়ে বাড়ির দিকে যান নুর। সেখানে ছিলেন তাঁর স্ত্রী, ছেলে, দুই নাতি-নাতনি ও এক বোন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ধেয়ে আসা আকস্মিক স্রোত ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি ও তাঁর পরিবারের সদস্যদের।

বন্যার পানির এই তাণ্ডবের পরদিন পরিবারের সদস্যদের মরদেহ রাস্তা ও জমিতে পড়ে থাকতে দেখেন নুর।

শুষ্ক শীত মৌসুমের পর ১০ মে আফগানিস্তানে ব্যাপক ঝড়বৃষ্টির পর আকস্মিক বন্যা দেখা দেয়। মাটি শক্ত থাকায় বৃষ্টির পানি সেভাবে শুষে নিতে পারেনি। বন্যায় মাইলের পর মাইল ধ্বংসযজ্ঞ দেখা দেয়।

বন্যায় উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের পাঁচটি জেলা এবং বাদাখশান, ঘোর ও পশ্চিম হেরাত প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তথ্যমতে, এ বন্যায় তিন শতাধিক মানুষ মারা গেছেন। প্রায় দুই হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

ঘটনার দিন সন্ধ্যার পরপরই বাঘলানের গাজ গ্রামে বাড়ির আশপাশে মরিয়া হয়ে স্বজনদের খুঁজতে থাকেন নুর। রাত একটা পর্যন্ত খুঁজেও কাউকে না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েন। ওই দিনের মতো খোঁজাখুঁজি বন্ধ করেন তিনি।

রাতেই প্রায় তিন ঘণ্টার পথ পাড়ি দিয়ে নিজের মেয়ে সাইদার বাড়িতে যান নুর। পরদিন নিজ গ্রামে ফিরে আসেন। পরে বাড়ির পাশের রাস্তা ও জমিতে স্বজনদের মরদেহ দেখতে পান তিনি।

মারা যাওয়া স্বজনদের মধ্যে সাইদার ২৫ বছরের এক মেয়েও রয়েছেন। তিনি বলেন, ভয়ংকর শব্দ করে ঝড় আঘাত হেনেছিল এবং এতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।

একসঙ্গে এত স্বজন হারিয়ে শোকে মুহ্যমান নুর বলেন, ‘আমি অসহায় বোধ করছি। এ এক ভয়াবহ অভিজ্ঞতা।’ আফগানিস্তানে প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। দেশটিতে কয়েকবার গৃহযুদ্ধও হয়েছে। এরপরও দীর্ঘ জীবনে এত ভয়াবহ অভিজ্ঞতা হয়নি বলে জানালেন সত্তরোর্ধ্ব এ আফগান।

নুরের গ্রামে রাস্তাঘাটের অবস্থা এখনো বেহাল। বন্যায় গ্রামটির প্রতি পরিবার অন্তত দু-তিনজন করে স্বজন হারিয়েছে। তাদের জরুরিভিত্তিতে সহায়তা দরকার।

চিকিৎসক, প্যারামেডিক ও নার্সদের ১৫ সদস্যের একটি দলের সঙ্গে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলার একটি ফুল্ললে যান রউজাতুল্লাহ নামের এক নার্স। তিনি বলেন, ‘আমরা এমন এলাকায় গিয়েছি, যেখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে।’

রউজাতুল্লাহ বলেন, তাঁরা দুই শতাধিক মানুষকে চিকিৎসাসহায়তা দিয়েছেন। তাঁদের মধ্যে এমন একজন ছিলেন, যিনি পরিবারের ১৬ সদস্যকে হারিয়েছেন। তিনি বলেন, ‘এমন অনেক বন্যাদুর্গত এলাকা রয়েছে, যেখানে আমরা যেতে পারিনি।’

রউজাতুল্লাহ আরও বলেন, সুপেয় পানির ভয়াবহ সংকট চলছে। এতে টাইফয়েড ও আমাশয়ের মতো পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলেও সতর্ক করেন এ স্বাস্থ্যকর্মী।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জরুরি অবস্থা ঘোষণা করার পাশাপাশি বন্যাকবলিত এলাকার মানুষকে খাদ্য, ওষুধ ও প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে।

এর আগে গত মাসের মাঝামাঝিতেও দেশটির ১০টি প্রদেশে বন্যায় প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছিল।